কলকাতা

নানক জয়ন্তীতে গুরুদ্বারে প্রার্থনায় মুখ্যমন্ত্রী, শিখ সম্প্রদায়ের পাশে থাকার বার্তা

এদিন শিখ সম্প্রদায়ের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

Truth of Bengal: গুরু নানক জয়ন্তী, রাস পূর্ণিমা এবং দেব দীপাবলি—মঙ্গলবার একই দিনে পালিত হচ্ছে তিনটি ধর্মীয় উৎসব। এই পবিত্র দিনে সকাল সকাল বালির গুরু গোবিন্দ সিংজির গুরুদ্বারে পৌঁছে শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গুরুদ্বারে পৌঁছতেই উত্তরীয় ও শিখদের ঐতিহ্যবাহী তলোয়ার দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান কমিটির সদস্যরা। এরপর গুরু নানকের বেদিতে প্রণাম জানান শুভেন্দু। সেখানে উপস্থিত সকলের সঙ্গে বসে প্রার্থনাসঙ্গীত ও ধর্মীয় অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

এদিন শিখ সম্প্রদায়ের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই তাঁদের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক। তাঁর ক্ষমতা কিংবা পদমর্যাদা না দেখে শিখ সম্প্রদায়ের মানুষ তাঁকে আপন করে নিয়েছেন।

মুখ্যমন্ত্রী আরও জানান, এর আগেও গুরু নানকের জন্মজয়ন্তী ও প্রকাশ পরবে তিনি এই গুরুদ্বারে এসেছেন। গুরু নানকের ৩৫০তম বর্ষপূর্তিতে তাঁদের জন্য বাসের ব্যবস্থাও করেছিলেন।

এদিন গুরুদ্বার চত্বরে একটি কমিউনিটি সেন্টার তৈরির দাবিও জানান শিখ সম্প্রদায়ের সদস্যরা। সেই বিষয়ে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সরকারি উদ্যোগেই এই কমিউনিটি সেন্টার তৈরি করে দেওয়া হবে।

Related Articles