ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ! সাতসকালেই আতঙ্ক পাহাড়-সমতলে
দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়ি ও দুই দিনাজপুরের কিছু অংশে আতঙ্ক ছড়ায়।
Truth of Bengal: সাতসকালেই ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আজ, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ পর পর দু’দফায় কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ছাড়াও জলপাইগুড়ি ও দুই দিনাজপুরের কিছু অংশে আতঙ্ক ছড়ায়। এমনকি সিকিম, বিহার, ভুটান ও বাংলাদেশেও মৃদু কম্পন টের পাওয়া গেছে। সাতসকালের এই ঘটনায় অনেকেই ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) এবং ইউএসজিএস (USGS) জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিট নাগাদ এই ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্পটির উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ নেপালের কোশী এলাকায়, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। এই কেন্দ্রস্থলটি সিকিমের বেশ কাছাকাছি হওয়ায় উত্তরবঙ্গে এর ভালো রকম প্রভাব পড়ে।
উল্লেখ্য, মাত্র দু’সপ্তাহ আগে গত ১২ নভেম্বরও নেপালে ৪.৯ তীব্রতার এক ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল উত্তরবঙ্গ। ফের আজ সকালে কম্পন অনুভূত হতেই পাহাড় ও সমতলের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে যাঁরা প্রাতর্ভ্রমণে বা শারীরচর্চায় বেরিয়েছিলেন, তাঁরাও কম্পন টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।






