কলকাতা

তিন মাসের বদলে এবার প্রতি মাসেই বিদ্যুতের বিল! ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর?

তাঁর দাবি, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

Truth of Bengal: বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগের অবসান ঘটাতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবার থেকে আর তিন মাস অন্তর নয়, প্রতি মাসেই বিদ্যুতের বিল পাঠানো হবে গ্রাহকদের। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার তরফে তিন মাস অন্তর বিল পাঠানো নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল। অনেকেরই অভিযোগ ছিল, একসঙ্গে তিন মাসের বিল মেটাতে গিয়ে সমস্যায় পড়তে হয়। সেই পরিস্থিতির পরিবর্তন করতেই এবার থেকে প্রতি মাসে মিটার রিডিং নেওয়া এবং সেই অনুযায়ী বিল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি থেকেই নতুন ব্যবস্থা চালু হবে।

অন্যদিকে, রাজ্যে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি নিয়েও এদিন গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, গত ছয় মাসে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে রাজ্যে বিদ্যুতের উদ্বৃত্ত থাকলেও বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আগামী ডিসেম্বর থেকেই চাহিদা মেটাতে বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হবে রাজ্যকে। সেই কারণে বিদ্যুৎ কেনার জন্য টেন্ডারও ডাকা হচ্ছে বলে জানান তিনি। বিদ্যুতের চাহিদা বৃদ্ধির পরিসংখ্যানও শীঘ্রই প্রকাশ করা হবে। এই প্রসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারের শিল্পনীতি নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর দাবি, আগের সরকারের আমলে ব্যবসা ও শিল্পক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছিল। বর্তমানে শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ড বাড়ায় বিদ্যুতের চাহিদাও বেড়েছে।

উল্লেখ্য, রাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়েও সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ চুক্তির খবর সামনে এসেছে। সূত্রের খবর, রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ সংস্থার মাধ্যমে সরবরাহ ব্যবস্থার দায়িত্ব নিতে চলেছে আদানি এনার্জি সলিউশনস লিমিটেড (AESL)। আগামী ২৫ বছরে মোট ২,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও সরবরাহের দায়িত্ব নিতে পারে গৌতম আদানির সংস্থা। এই সংক্রান্ত একটি চুক্তিও হয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে বিদ্যুৎ বিলের নতুন নিয়ম এবং রাজ্যের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা—দুই ক্ষেত্রেই বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

Related Articles