রাজ্যের খবর

নিউটাউনেই নতুন বিধানসভা ও হাইকোর্ট! আদানির ‘মেডি সিটি’ থেকে তিরুপতির আদলে বালাজি মন্দির, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সিঙ্গুর, ভাঙড়, পুরুলিয়ায় কেনা হবে ১০ হাজার একর জমি! জোর করে অধিগ্রহণ নয়, কৃষকদের জমি ফেরাতে কোন বিশেষ নীতি নিল শুভেন্দু সরকার?

Truth of Bengal: রাজ্যের প্রশাসনিক ও পরিকাঠামোগত মানচিত্রে আমূল পরিবর্তনের বড়সড় রূপরেখা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার নিউ টাউনেই তৈরি হতে চলেছে নতুন বিধানসভা ভবন এবং কলকাতা হাইকোর্ট। শুধু তা-ই নয়, একই চত্বরের মধ্যে প্রশাসনিক ভবনের পাশাপাশি বিচারপতি, মন্ত্রী, বিধায়ক এবং শীর্ষ সরকারি আধিকারিকদের জন্য আবাসন গড়ে তোলার পরিকল্পনাও নিয়েছে রাজ্য সরকার। রবিবার কলকাতার ময়দানে পিডব্লুডি (PWD) তাঁবুতে এক সাংবাদিক বৈঠকে এই মেগা প্রকল্পের কথা জানান মুখ্যমন্ত্রী।

নিউটাউনের এই পরিকাঠামো পরিকল্পনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, নতুন বিধানসভা এবং হাইকোর্টের জন্য ইতিমধ্যেই বড় এলাকা চিহ্নিত করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, ভবিষ্যতে বিধানসভার আসনসংখ্যা ২৯৪ থেকে বেড়ে ৪০০-র বেশি হতে পারে, এমন সম্ভাবনার কথা মাথায় রেখে এবং বর্তমান হাইকোর্ট ভবনে জায়গার সীমাবদ্ধতা কাটাতেই এই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শিল্পায়ন ও পরিকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে জমি সংগ্রহেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী তিন মাসের মধ্যে ভাঙড়, পুরুলিয়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং সিঙ্গুর-সহ বিভিন্ন এলাকায় ৮ থেকে ১০ হাজার একর জমি কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে কোনওভাবেই জোর করে জমি অধিগ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ২০১৩ সালের ‘ল্যান্ড পারচেজ স্কিম’ অনুযায়ী যাঁরা স্বেচ্ছায় জমি বিক্রি করতে চান, তাঁদের কাছ থেকেই নির্ধারিত মূল্যে জমি কেনা হবে। পাশাপাশি ‘ল্যান্ড পুলিং’ এবং ‘ল্যান্ড ডেভেলপমেন্ট’-এর মাধ্যমে কৃষকদের জমির একটি অংশ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রশাসনিক কেন্দ্রের পাশাপাশি নিউটাউনকে স্বাস্থ্য ও ধর্মীয় পর্যটনের অন্যতম পীঠস্থান হিসেবে গড়ে তোলার কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী, আদানি গোষ্ঠীর উদ্যোগে নিউটাউনে গড়ে উঠবে ‘মেডি সিটি’, যেখানে আধুনিক হাসপাতালের পাশাপাশি মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ, হস্টেল এবং রোগীদের পরিজনদের থাকার হোটেল তৈরি হবে। অন্যদিকে, আম্বানী গোষ্ঠীর জন্য বরাদ্দ ১৭ একর জমিতে দক্ষিণ ভারতের তিরুপতি মন্দিরের আদলে একটি বিশাল বালাজি মন্দির নির্মাণের ভাবনা রয়েছে, যেখানে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও, ইকো পার্কে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণের জন্য ওয়ার্ক অর্ডার জারি হয়ে গিয়েছে, যার খরচের ৫০ শতাংশ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার বহন করবে।

Related Articles