ভেন্টিলেশনে বিজেপি বিধায়ক রেখা পাত্র, শরীরে বিষাক্ত কীটনাশক মেলার দাবি ঘিরে চাঞ্চল্য
প্রথমে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক থাকলেও পরে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
Truth of Bengal: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। বর্তমানে কলকাতার একটি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে তাঁর চিকিৎসা চলছে। প্রথমে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক থাকলেও পরে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন রেখা। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় চার ঘণ্টা চিকিৎসার পর রাত ৩টে নাগাদ তাঁকে কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতালের রেফারেল কার্ডে পরিবারের দাবি উল্লেখ করে লেখা হয়েছে, রেখার পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ বা ভেষজ কীটনাশক গিয়েছে। চিকিৎসকেরা তাঁকে অক্সিজেন দেওয়ার পাশাপাশি অ্যাক্টিভেটেড চারকোল, অ্যাট্রোপিন ও প্র্যালিডক্সিম ইঞ্জেকশন দেন। পাকস্থলী থেকে বিষাক্ত পদার্থ বের করারও চেষ্টা করা হয়।
এদিকে কলকাতার হাসপাতালে রেখা পাত্রকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার। স্বাস্থ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত বিষক্রিয়ার কোনও প্রমাণ মেলেনি। রাতে খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিধায়ক। সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই অসুস্থতার প্রকৃত কারণ জানা যাবে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রেখা পাত্র।






