দলের ভিতরের কথা ফাঁস নয়! সোশাল মিডিয়ায় বাড়তি সক্রিয়তা বন্ধের নির্দেশ মমতার
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে বিভাজন।
Truth of Bengal: সমাজমাধ্যমে অতিসক্রিয় তৃণমূল কর্মীদের সতর্ক করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে নিজের বাড়িতে নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। বিশেষ করে ফেসবুক-সহ বিভিন্ন সোশাল মিডিয়ায় দলের মুখপাত্রদের বাইরে অন্যদের বাড়তি সক্রিয়তা নিয়ে আপত্তি জানিয়েছেন তৃণমূলনেত্রী।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে বিভাজন। একদিকে কালীঘাট শিবির, অন্যদিকে ঋতব্রত শিবির। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলের কর্মীরা দ্রুত সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে কেউ কেউ দলের অভ্যন্তরীণ বিষয়ও প্রকাশ্যে এনে ফেলছেন বলে অভিযোগ।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আত্মপ্রচারের জন্য এমন কোনও কাজ করা যাবে না, যাতে দলের অন্য কর্মীরা বিপদে পড়েন। মুখপাত্রদের বাইরে অনেকেই ফেসবুকে অতিসক্রিয় হয়ে দলের ভিতরের খবর প্রকাশ করছেন। এমনকী, সেই তথ্য পুলিশের কাছেও পৌঁছে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এর ফলে দল এবং কর্মী—উভয়েই সমস্যায় পড়তে পারেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অভ্যন্তরীণ তথ্য প্রকাশ্যে আসা নিয়ে যে তৃণমূলনেত্রী যথেষ্ট উদ্বিগ্ন, তাঁর এই সতর্কবার্তাতেই তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।






