রাজ্যের খবর

দু’মাসের দীর্ঘ লড়াই শেষে হার মানলেন নববধূ! সিটংয়ের বার্বিকিউ দুর্ঘটনায় দগ্ধ নিকিতার মৃত্যু কলকাতায়

বিয়ের কয়েক মাসের মধ্যেই সব শেষ! সিটংয়ের ভয়াবহ বার্বিকিউ দুর্ঘটনায় ঝলসে যাওয়া নববধূর মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া উত্তর দিনাজপুরে

Truth of Bengal: সদ্য বিয়ে হয়েছিল। নতুন জীবনের স্বপ্ন নিয়ে স্বামীর সঙ্গে দার্জিলিংয়ের মনোরম পাহাড়ি গ্রাম সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন নবদম্পতি। কিন্তু সেই আনন্দযাত্রাই যে চরম অভিশাপ হয়ে নেমে আসবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। সিটংয়ের একটি হোমস্টে-তে বার্বিকিউয়ের আগুনে ভয়াবহভাবে ঝলসে যাওয়ার পর টানা দু’মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন নববধূ নিকিতা সাহা। বৃহস্পতিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মর্মান্তিক এই দুঃসংবাদ উত্তর দিনাজপুরের চোপড়ার বাড়িতে পৌঁছতেই গোটা পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা এবং সমীর দাস দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর কয়েক মাস আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তাঁরা সিটংয়ের একটি হোমস্টে-তে মধুচন্দ্রিমায় যান। গত ১৩ সেপ্টেম্বর রাতে হোমস্টের বারান্দায় বসেছিলেন নবদম্পতি এবং তাঁদের সামনেই বার্বিকিউ তৈরি করা হচ্ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, জ্বলন্ত বার্বিকিউতে দাহ্য কিছু ঢালার সঙ্গে সঙ্গেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুনে ঝলসে যান নিকিতা।

স্বামী সমীর দাস নিজের পরনের টি-শার্ট খুলে প্রাণপণে স্ত্রীর গায়ের আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে নিকিতার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। সমীরের অভিযোগ, এই ভয়াবহ দুর্ঘটনার পর হোমস্টে কর্তৃপক্ষ তাঁদের কোনও সাহায্য করেনি, এমনকি হাসপাতালে নেওয়ার পরও কোনও খোঁজখবর নেয়নি। সেদিন প্রায় ৪০ মিনিট পর গাড়ি পৌঁছলে নিকিতাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

শিলিগুড়িতে দীর্ঘদিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় গত চার দিন আগে আশঙ্কাজনক অবস্থায় নিকিতাকে কলকাতার বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তড়িঘড়ি নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার ভোরে চিরবিদায় নিলেন সদ্যবিবাহিতা নিকিতা। এই ঘটনায় হোমস্টে কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে শোকসন্তপ্ত পরিবার।