কলকাতা

রাজ্যের উন্নয়ন প্রকল্পে ফের কেন্দ্রীয় সংস্থার প্রবেশ, চার সংস্থাকে কাজের অনুমতি নবান্নের

নির্দেশিকা অবিলম্বে কার্যকর হওয়ায় সরকারি নির্মাণ ও উন্নয়নমূলক প্রকল্পে কাজ পাওয়ার ক্ষেত্রে নতুন করে সুযোগ তৈরি হল সংশ্লিষ্ট সংস্থাগুলির সামনে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের পরিকাঠামো উন্নয়নের কাজে নতুন করে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অংশগ্রহণের পথ প্রশস্ত হল। দীর্ঘ বিরতির পর CPWD, NBCC, RITES এবং Engineers India Limited-কে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কাজের জন্য ফের তালিকাভুক্ত করল অর্থ দফতর। ১৭ নভেম্বর জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্দেশিকা অবিলম্বে কার্যকর হওয়ায় সরকারি নির্মাণ ও উন্নয়নমূলক প্রকল্পে কাজ পাওয়ার ক্ষেত্রে নতুন করে সুযোগ তৈরি হল সংশ্লিষ্ট সংস্থাগুলির সামনে। রাজ্যের প্রশাসনিক ও পরিকাঠামোগত কাজের ক্ষেত্রে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ, এর আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নিয়োগের সুযোগ থাকলেও পরবর্তী সময়ে নীতিগত পরিবর্তনের জেরে সেই ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এবার সেই পুরনো ব্যবস্থায় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিল নবান্ন।

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ ফিনান্সিয়াল রুলসের ৪৭ডি ধারার অধীনে অ্যানেক্সার-ডি তালিকায় চারটি সংস্থাকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (CPWD), ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন (NBCC), রাইটস (RITES) এবং ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (EIL)। এর ফলে রাজ্যের বিভিন্ন নির্মাণ, রাস্তা, সেতু এবং পরিকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে এই সংস্থাগুলিকে কাজে লাগানোর সুযোগ মিলবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের ২৫ জুন অর্থ দফতরের বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা ও রাষ্ট্রায়ত্ত কর্পোরেশনকে রাজ্য সরকারের কাজের জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে নীতিগত অবস্থান পরিবর্তনের কারণে সেই তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়। ফলে রাজ্যের সরকারি প্রকল্পে কেন্দ্রীয় সংস্থাগুলির কাজ করার সুযোগ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।

এবার সেই সিদ্ধান্তে পরিবর্তনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পূর্ত দফতরের নতুন দর নির্ধারণ সংক্রান্ত নীতি। রাজ্যের রাস্তা ও সেতু নির্মাণের কাজে অভিন্ন শিডিউল অফ রেটস বা নির্ধারিত কাজের দর চালুর জন্য পিডব্লিউডি (ন্যাশনাল হাইওয়ে)-র শিডিউল অফ রেটস গ্রহণ করা হয়েছে। গত ৭ জুলাই ২০২৬-এ পূর্ত দফতরের জারি করা বিজ্ঞপ্তিকে ভিত্তি করেই অর্থ দফতর নতুন করে কেন্দ্রীয় সংস্থাগুলিকে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কাজ পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে একাধিক শর্তও আরোপ করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলিকে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ই-টেন্ডার পোর্টাল অথবা গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস (GeM)-এর মাধ্যমে দরপত্র প্রকাশ করতে হবে। পাশাপাশি, প্রকল্পের কাজ সম্পাদনের ক্ষেত্রে কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনের (CVC) নির্ধারিত নিয়ম ও নির্দেশিকা বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।

শুধু চারটি সংস্থার মধ্যেই এই তালিকাভুক্তি সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনা করে অন্য কেন্দ্রীয় সংস্থা বা রাষ্ট্রায়ত্ত কর্পোরেশনকেও তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাজ্য সরকারের হাতে রাখা হয়েছে। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের স্বাক্ষরিত নির্দেশিকায় অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করার কথা বলা হয়েছে। ফলে আগামী দিনে রাজ্যের বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির যৌথ অংশগ্রহণের সম্ভাবনা তৈরি হল। এখন দেখার, এই নতুন সিদ্ধান্তের ফলে সরকারি প্রকল্পের কাজের গতি, বাস্তবায়নের মান এবং দরপত্র প্রক্রিয়ায় কতটা পরিবর্তন আসে।