বিনোদন

ফিরছে ফুলেরার চেনা মেজাজ! ‘পঞ্চায়েত ৫’-এ এবার প্রধানপতি বনরাকসের রাজত্ব, কবে মুক্তি নতুন সিজনের?

দ্য ভাইরাল ফিভার (TVF) প্রযোজিত এই সিরিজটি ভারতে একমাত্র প্রাইম ভিডিয়োতে দেখা যাবে

Truth of Bengal: ফের ফুলেরা গ্রামের অলিগলিতে জমবে রাজনীতি, হাসি-মজার লড়াই আর চেনা চরিত্রদের খুনসুটি। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন। এবারের গল্পে সবচেয়ে বড় আকর্ষণ বনরাকসের নতুন ভূমিকা। ফুলেরার নতুন প্রধানপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর গ্রামের হাল কতটা বদলাতে পারবেন তিনি? নাকি তাঁর প্রতিশ্রুতিও শেষ পর্যন্ত রাজনৈতিক চাল হিসেবেই থেকে যাবে? সেই উত্তর মিলবে আগামী ৩ ডিসেম্বর। দ্য ভাইরাল ফিভার (TVF) প্রযোজিত এই সিরিজটি ভারতে একমাত্র প্রাইম ভিডিয়োতে দেখা যাবে। শুধু ভারতেই নয়, বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে মুক্তি পাবে নতুন সিজন। সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন দীপক কুমার মিশ্র। চন্দন কুমার ও অরুণাভ কুমারের সঙ্গে যৌথভাবে ‘পঞ্চায়েত’-এর নির্মাণের নেপথ্যেও রয়েছেন তিনি।

নতুন সিজনেও ফিরছেন দর্শকদের অত্যন্ত প্রিয় পরিচিত মুখেরা। সচিবজির চরিত্রে জিতেন্দ্র কুমার, প্রধানজির ভূমিকায় রঘুবীর যাদব এবং মনজু দেবীর চরিত্রে নীনা গুপ্তাকে আবারও দেখা যাবে। পাশাপাশি সুনীতা রাজওয়ার, ফৈজল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার এবং অশোক পাঠকও নিজেদের পুরনো চরিত্রে ফিরছেন। অর্থাৎ, ফুরেরার সেই চেনা বাসিন্দাদের সঙ্গে ফের একবার সময় কাটানোর সুযোগ পাবেন দর্শকরা। চারটি সিজন পেরিয়ে ‘পঞ্চায়েত’ ইতিমধ্যেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। গ্রামের সাধারণ মানুষের জীবনযাপন, স্থানীয় রাজনীতির টানাপড়েন এবং হালকা মেজাজের হাস্যরস—এই তিনের মেলবন্ধনই সিরিজটির জনপ্রিয়তার অন্যতম কারণ। এবার সেই পরিচিত আবহেই যুক্ত হচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণ।

গল্পের কেন্দ্রে রয়েছেন বনরাকস। ফুলেরার নতুন প্রধানপতি হিসেবে তাঁর উত্থান ঘিরেই তৈরি হয়েছে নতুন কৌতূহল। দায়িত্ব পেয়ে গ্রামের উন্নয়নে সত্যিই কি কোনও বড় পরিবর্তন আনবেন তিনি? নাকি ক্ষমতার মসনদে বসে তাঁর প্রতিশ্রুতিগুলি শুধুই লোকদেখানো হয়ে থাকবে? তাঁর নতুন দায়িত্বকে কেন্দ্র করে গ্রামে পুরনো সম্পর্কের সমীকরণও বদলাতে শুরু করবে। তৈরি হবে নতুন বিবাদ, নতুন জোট এবং রাজনৈতিক সংঘাত। প্রাইম ভিডিয়ো ইন্ডিয়ার SVOD কনটেন্ট অধিগ্রহণ বিভাগের ডিরেক্টর ও প্রধান মনীশ মেংঘানি জানিয়েছেন, জনপ্রিয় এই সিরিজের পঞ্চম সিজন নিয়ে ফিরছে প্ল্যাটফর্মটি। অন্যদিকে TVF-এর প্রেসিডেন্ট বিজয় কোশি জানিয়েছেন, বছরের পর বছর ধরে ‘পঞ্চায়েত’ তাঁদের কাছে শুধুমাত্র একটি ওয়েব সিরিজে সীমাবদ্ধ থাকেনি, বরং তার চেয়েও অনেক বেশি কিছু হয়ে উঠেছে।