হরিদ্বার যাত্রা হবে আরও সহজ! ৬ লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের প্রাথমিক সমীক্ষা শুরু
এবার তৈরি করা হবে ডিটেলড প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর
Truth of Bengal: উত্তর ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আরও বড় পরিবর্তনের পথে কেন্দ্র ও রাজ্য সরকার। প্রয়াগরাজ থেকে মেরঠ পর্যন্ত চালু হওয়া ৫৯৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের পর এবার সেটিকে হরিদ্বার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকার যৌথভাবে নতুন ৬ লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের প্রাথমিক সমীক্ষার কাজ শুরু হয়েছে। এবার তৈরি করা হবে ডিটেলড প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর। সেই রিপোর্ট চূড়ান্ত হলেই জমি অধিগ্রহণ-সহ পরবর্তী প্রক্রিয়া শুরু হওয়ার কথা।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, মেরঠ থেকে হরিদ্বার পর্যন্ত প্রায় ১৪৭ কিলোমিটার দীর্ঘ নতুন এক্সপ্রেসওয়ে তৈরি করা হবে। এটি সরাসরি যুক্ত হবে গঙ্গা এক্সপ্রেসওয়ের সঙ্গে। দুই রাজ্যের মধ্যে ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে মউ স্বাক্ষরিত হয়েছে। মোট ১৪৭ কিলোমিটারের মধ্যে ১১৭ কিলোমিটার পড়বে উত্তরপ্রদেশে এবং বাকি ৩০ কিলোমিটার থাকবে উত্তরাখণ্ডে। প্রকল্পের অধিকাংশ কাজ উত্তরপ্রদেশ সরকারের তত্ত্বাবধানে হলেও গোটা এক্সপ্রেসওয়ের দায়িত্বে থাকবে উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি বা ইউপিইডিএ। পরিকল্পনা অনুযায়ী, গঙ্গা এক্সপ্রেসওয়ের মেরঠ-বুলন্দশহর ইন্টারচেঞ্জ থেকে নতুন রাস্তার সূচনা হবে। এরপর মোট ২০৪টি গ্রামের উপর দিয়ে গিয়ে এক্সপ্রেসওয়েটি পৌঁছবে হরিদ্বারে। এর মধ্যে উত্তরপ্রদেশের আমরোহা জেলার ৬২টি এবং বিজনৌর জেলার ১১৭টি গ্রাম রয়েছে। অন্যদিকে, উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার ২৫টি গ্রামের উপর দিয়ে যাবে এই রাস্তা। রুরকি বাইপাস অতিক্রম করে হরিদ্বারের বাইরের অংশে পৌঁছবে এক্সপ্রেসওয়েটি। সেখান থেকে সংযোগ তৈরি হবে চারধাম যাত্রার রাস্তা এবং জাতীয় সড়ক ৩৩৪-এর সঙ্গে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন মেরঠ ও হরিদ্বারের মধ্যে যাতায়াতকারী মানুষ। বর্তমানে এই দুই শহরের মধ্যে সড়কপথে যেতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। নতুন এক্সপ্রেসওয়ে তৈরি হলে সেই সময় কমে দাঁড়াবে মাত্র ৯০ মিনিটে। রাস্তাটিতে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। গোটা প্রকল্পে আনুমানিক ১০,৭৬১ কোটি টাকা খরচ হতে পারে। শুধু মেরঠ বা হরিদ্বার নয়, এই রাস্তা চালু হলে উত্তরপ্রদেশের একাধিক শহরের সঙ্গে উত্তরাখণ্ডের যোগাযোগ আরও দ্রুত হবে। হিসাব অনুযায়ী, প্রয়াগরাজ থেকে হরিদ্বার পৌঁছতে সময় লাগতে পারে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা। অন্যদিকে, লখনউ থেকে হরিদ্বারের দূরত্ব অতিক্রম করা যাবে প্রায় ৬ ঘণ্টায়। বর্তমানে এই যাত্রার জন্য অনেক বেশি সময় ব্যয় করতে হয়।
এই প্রকল্পের প্রভাব পড়তে পারে উত্তর ভারতের বাইরের রাজ্যগুলিতেও। বিশেষ করে বাংলা ও বিহার থেকে যাঁরা সড়কপথে হরিদ্বার কিংবা উত্তরাখণ্ডের বিভিন্ন পর্যটনস্থলে যান, তাঁদের যাত্রাপথ আরও সহজ হতে পারে। পাশাপাশি বারাণসী থেকে প্রয়াগরাজের মধ্যে প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ একটি এক্সপ্রেসওয়ে তৈরির পরিকল্পনাও রয়েছে। সেটি চালু হলে বারাণসী থেকে মাত্র এক ঘণ্টায় প্রয়াগরাজ পৌঁছনো সম্ভব হবে। এরপর গঙ্গা এক্সপ্রেসওয়ে ধরে মেরঠ এবং সেখান থেকে নতুন গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে হরিদ্বারে পৌঁছনো যাবে। বিশেষ করে চারধাম যাত্রার ক্ষেত্রেও এই নতুন রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। হরিদ্বার থেকে উত্তরাখণ্ডের বিভিন্ন তীর্থস্থানে যাওয়ার জন্য পর্যটক ও পুণ্যার্থীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে। সব মিলিয়ে গঙ্গা এক্সপ্রেসওয়ের এই সম্প্রসারণ বাস্তবায়িত হলে উত্তর ভারতের সড়ক যোগাযোগে নতুন গতি আসার পাশাপাশি পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।


