আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
একটি মামলার পরিপ্রেক্ষিতে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুণাল
Truth of Bengal: আদালত অবমাননা মামলায় বড়সড় স্বস্তি পেলেন বেলেঘাটার মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কলকাতা হাই কোর্টের দেওয়া দোষী সাব্যস্ত করার নির্দেশে সোমবার স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ২০২৫ সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুণাল। সোমবার তাঁর আবেদনের শুনানিতে হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। কুণাল ঘোষের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী ও শাম্ব নন্দী। তাঁদের বক্তব্য শোনার পরই হাই কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। ফলে আপাতত এই মামলায় বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল বিধায়ক।
কী হয়েছিল ২০২৫ সালে? ঘটনার সূত্রপাত ওই বছরের এপ্রিল মাসে। কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল। নিয়োগ প্রক্রিয়ার উপর তখন স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তবে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য সরকারকে এই সংক্রান্ত আবেদন লিখিতভাবে জমা দিতে হবে। এরপরই হাই কোর্ট চত্বরে বিক্ষোভে সামিল হন একাংশ চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ ছিল, সুপারনিউমেরারি পদ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ সংক্রান্ত মামলায় কোনও অগ্রগতি হচ্ছে না। হাই কোর্ট সংলগ্ন সংরক্ষিত এলাকায় জমায়েত করে চলে প্রতিবাদ ও বিক্ষোভ।
এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্কে জড়ান তৎকালীন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগও তুলেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্যের জেরেই শুরু হয় আদালত অবমাননার মামলা। পরবর্তী সময়ে কলকাতা হাই কোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চ কুণাল ঘোষকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করেন তৃণমূল বিধায়ক। সোমবার সেই আবেদনের শুনানিতে শীর্ষ আদালত হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ায় আপাতত স্বস্তি পেলেন তিনি।






