রাজ্যের খবর

বর্ধমান থেকে গ্রেফতারির পর নানুরে ‘এসকেপ প্ল্যান’! পুলিশকে ফাঁদে ফেলতে গিয়েই এনকাউন্টারে মৃত্যু রতন শেখের?

জেল থেকে ছাড়া পেয়েই সেলিব্রেশন ও নতুন অপরাধের ছক! ইটভাটায় অস্ত্র উদ্ধারে গিয়ে ঠিক কী ঘটেছিল রতন শেখের সঙ্গে?

Truth of Bengal: জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে গুলি এবং তার ঠিক দু’দিনের মাথায় পুলিশের এনকাউন্টারে খতম, বীরভূমের কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল পুলিশ। রবিবার রাতে বর্ধমান থেকে গ্রেফতারের পর, নানুরের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে নিয়ে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে বুক ও পেটে তিনটি গুলি লেগে মৃত্যু হয় ৩৬টি মামলার এই ‘দাগি’ অপরাধীর। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফরেনসিক তদন্ত শুরু হয়েছে এবং রতনের অন্যতম শাগরেদ রমেশ লোহারকেও গ্রেফতার করেছে পুলিশ।

বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, গত ১৩ নভেম্বর শুক্রবার একটি পুরনো মামলায় এক মাস জেল খাটার পর বোলপুর জেল থেকে ছাড়া পেয়েছিল রতন শেখ। সেদিন জেল গেট থেকে তাকে নিয়ে যেতে এসেছিল রমেশ লোহার-সহ বেশ কয়েকজন শাগরেদ। রাতে রতনের মুক্তি উপলক্ষে তারা রীতিমতো সেলিব্রেশন করে এবং নতুন কোনও বড় অপরাধের ছক কষছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতনের লাইকবাজারে সাদা পোশাকে অভিযানে যান তিন পুলিশকর্মী। কিন্তু পুলিশ নাগালের মধ্যে আসতেই কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালিয়ে এলাকা থেকে চম্পট দেয় রতন।

এরপর গোটা জেলা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বর্ধমানের একটি গোপন ডেরা থেকে রতনকে হাতেনাতে পাকড়াও করা হয়। জিজ্ঞাসাবাদে রতন জানায়, নানুরের একটি ইটভাটায় সে আগ্নেয়াস্ত্রটি লুকিয়ে রেখেছে। সেই মতো রাতেই তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ দল। অভিযোগ, তল্লাশি চলাকালীন আচমকাই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে রতন এবং পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করে, যা পুলিশের গাড়িতে গিয়ে লাগে। পাল্টা আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে লুটিয়ে পড়ে রতন। তবে মাটিতে পড়ে গিয়েও সে ফের গুলি চালানোর চেষ্টা করেছিল বলে পুলিশের দাবি। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অপরাধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুলিশকে গুলি করলে পুলিশ কি বাতাসা খাওয়াবে! বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে সম্পূর্ণ খোলা হাত দেওয়া হয়েছে, যা সিদ্ধান্ত নেওয়ার অনস্পট নেবে।” পুলিশ এখন খতিয়ে দেখছে, অস্ত্র উদ্ধারের নাম করে পুলিশকে ফাঁদে ফেলে পালানোর কোনো ‘প্ল্যান বি’ তৈরি রেখেছিল কি না রতন।