কলকাতা

ছটপুজোর আয়োজন দেখতে গিয়ে বিক্ষোভের মুখে মালা রায়! উঠল ‘চোর চোর’ স্লোগান

স্থানীয় সূত্রে খবর, একটি মাঠে কৃত্রিম জলাশয় তৈরি করে ছটপুজোর আয়োজন করা হয়েছিল।

Truth of Bengal: ছটপুজোর আয়োজন পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ মালা রায়। টালিগঞ্জের একটি মাঠে তাঁকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন একদল বিক্ষোভকারী। তবে পরিস্থিতি উত্তপ্ত হলেও ঘটনাস্থল ছেড়ে যেতে রাজি হননি সাংসদ। তাঁর দাবি, এলাকায় দখলদারির রাজনীতি চলছে।

স্থানীয় সূত্রে খবর, একটি মাঠে কৃত্রিম জলাশয় তৈরি করে ছটপুজোর আয়োজন করা হয়েছিল। সেই আয়োজন দেখতে পৌঁছন মালা রায়। অভিযোগ, তাঁকে দেখেই বিক্ষোভ শুরু করেন একদল মানুষ। বিক্ষোভকারীদের দাবি, তাঁরা এলাকার পুরনো বিজেপি কর্মী। মালা রায় তৃণমূলে থাকাকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁদের উপর অত্যাচার করেছিলেন। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ।

মালা রায়ের বক্তব্য, ৮৮ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর মাঠে তিনি প্রতি বছরই ছটপুজোর আয়োজন পরিদর্শনে যান। সরকারি মাঠে সকলের যাওয়ার অধিকার রয়েছে। তাঁর দাবি, মাঠটি দখলের চেষ্টা হচ্ছিল। সেই দখলদারি রুখতেই তাঁরা উদ্যোগী হয়েছিলেন। বর্তমানে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বিক্ষোভকারীদের পরিচয় নিয়ে সরাসরি কোনও রাজনৈতিক দলের নাম করেননি মালা। তাঁর বক্তব্য, ৪ মে-র পর থেকেই এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে কোনও থানায় অভিযোগ দায়ের হয়নি বলেও দাবি করেন সাংসদ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।