কলকাতারাজ্যের খবর

গরমের পর পুজোর ছুটিতেও কাটছাঁট? পড়ুয়াদের কথা ভেবেই নতুন ভাবনা পর্ষদের

পর্ষদের পর্যবেক্ষণ, দীর্ঘ পুজোর ছুটির পর অনেক পড়ুয়ারই পড়াশোনায় মনোযোগ ফেরাতে সমস্যা হয়।

Truth of Bengal: পুজোর দীর্ঘ ছুটিতে এবার কি কোপ পড়তে চলেছে? পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে টানা প্রায় একমাসের পুজোর ছুটি কমানোর চিন্তাভাবনা শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। একইভাবে গরমের ছুটির সময়সীমা নিয়েও পর্যালোচনা হতে পারে। পর্ষদের মতে, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের পড়াশোনার ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। সেই কারণেই ছুটির দিন কিছুটা কমানোর ভাবনা।

পর্ষদের পর্যবেক্ষণ, দীর্ঘ পুজোর ছুটির পর অনেক পড়ুয়ারই পড়াশোনায় মনোযোগ ফেরাতে সমস্যা হয়। ছুটির আগে শেখানো বিষয় ভুলে যাওয়ার আশঙ্কাও থাকে। ফলে স্কুল খোলার পর ফের পুরনো ছন্দে ফিরতে সময় লাগে। এই পরিস্থিতিতে ছুটির সময়সীমা কমানো হলে পড়ুয়াদের পড়াশোনায় ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে পর্ষদ।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের সরকারি ছুটির সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য ছিল, “ছুটি ছুটি করে গোটা রাজ্যটাই শীতঘুমে চলে গিয়েছে।” আগামী বছর থেকে সরকারি ছুটির ক্যালেন্ডার সংশোধনের ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। এবার স্কুলের পুজোর ছুটি কমানোর সম্ভাবনা ঘিরেও শুরু হয়েছে আলোচনা।

এই সিদ্ধান্তকে অবশ্য শিক্ষক মহলের একাংশ সমর্থন করলেও বিরোধিতা রয়েছে। এক শিক্ষকের মতে, গরম ও পুজোর ছুটির পাশাপাশি ভোটের সময়ও দীর্ঘদিন স্কুল বন্ধ থাকে। ফলে শিক্ষাদানের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। অন্যদিকে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের বক্তব্য, মোট ছুটির সংখ্যা না কমিয়ে স্কুলগুলির উপর ছুটির সময়সীমা নির্ধারণের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর মতে, পুজো ও গরমের ছুটি মিলিয়ে স্কুলগুলিতে মোট ৬৫ দিন ছুটি থাকে। অথচ অন্যান্য সরকারি দফতরে ছুটির সংখ্যা ৫২ দিন। আগামী বছর থেকে সরকারি কর্মীদের ছুটি ৪০-৪৫ দিনে নামিয়ে আনার প্রস্তাবের কথাও উঠে এসেছে। তাঁর বক্তব্য, পড়ুয়াদের ছুটি নিয়ে আপত্তি নেই, তবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটির সংখ্যা অন্যান্য সরকারি কর্মীদের সমান হওয়া উচিত। সরকারি তরফে যে প্রস্তাব আসছে, তাকে স্বাগত জানিয়েছেন তিনি।