আন্তর্জাতিক

জেনসেনের পরকীয়া থেকে চিনে তথ্য পাচার! ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতার নেপথ্যে কী রহস্য?

সূত্রের খবর, সিঙ্গাপুরের মেগাস্পিড নামের একটি সংস্থার মাধ্যমে চিনে এআই চিপ পাঠানো হত।

Truth of Bengal: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্দরেই কি চিনে এআই চিপ পাচার নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল? এনভিডিয়ার প্রাক্তন সিইও জেনসেন হুয়াংকে ঘিরে একের পর এক বিতর্ক সামনে আসতেই নতুন করে প্রশ্নের মুখে মার্কিন প্রশাসন। অভিযোগ, চিনে গুরুত্বপূর্ণ এআই চিপ পাচারের বিষয়ে আগেই সন্দেহ ছিল আমেরিকার। তা সত্ত্বেও বন্ধ হয়নি চিপ রপ্তানি। এমনকী এই ঘটনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সূত্রের খবর, সিঙ্গাপুরের মেগাস্পিড নামের একটি সংস্থার মাধ্যমে চিনে এআই চিপ পাঠানো হত। মার্কিন প্রশাসনের একাংশের দীর্ঘদিনের সন্দেহ, সংস্থাটি বেজিংয়ের হয়ে কাজ করছে। তা সত্ত্বেও এনভিডিয়ার অন্তত ৫০ হাজার চিপ ওই সংস্থার মাধ্যমে রপ্তানি হয়েছে বলে দাবি। ২০২৫ সালের মাঝামাঝি থেকেই এনভিডিয়া ও মেগাস্পিডের যোগ নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল মার্কিন বাণিজ্য দপ্তরে। সংস্থাটিকে চিপ সরবরাহ বন্ধ করার জন্য নতুন নিয়ম তৈরির উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্পের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সেই নিয়মে অনুমোদন দেননি বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে ট্রাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিরোধীরা। একদিকে চিনের প্রযুক্তিগত অগ্রগতি রুখতে সরব মার্কিন প্রেসিডেন্ট, অন্যদিকে জেনসেন হুয়াংয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি। জেনসেনকে ‘লেজেন্ড’ আখ্যা দিয়ে তাঁর কাজের প্রশংসা করেছেন ট্রাম্প। এমনকী এনভিডিয়ার প্রাক্তন সিইওর পদত্যাগ করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা।

এদিকে জেনসেনের ব্যক্তিগত জীবন নিয়েও বিতর্ক ক্রমশ বাড়ছে। অ্যালিস হুয়াং ও কিম্বার্লি পাওয়েলের পর এনভিডিয়ার আরও এক কর্মীর সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগ সামনে এসেছে। যদিও এই অভিযোগগুলির সবকটি স্বাধীনভাবে নিশ্চিত নয়। নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি স্বীকার করে ক্ষমাও চেয়েছেন ৬৩ বছর বয়সি জেনসেন। তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেও চিনে তথ্য পাচারের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সব বিতর্কের মাঝেই জেনসেনকে নতুন চাকরির প্রস্তাব দিয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এলন মাস্ক। ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ থেকে শুরু করে আন্তর্জাতিক প্রযুক্তি বাণিজ্য—জেনসেনকে ঘিরে বিতর্ক এখন একাধিক দিকে ছড়িয়ে পড়েছে।

Related Articles