কলকাতা

আবাস যোজনায় ফের বড়সড় আর্থিক সাহায্য, আরও ৭ লক্ষ পরিবার পেতে চলেছে দ্বিতীয় কিস্তি!

বাকি উপভোক্তাদেরও আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ

Truth of Bengal: পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাদের জন্য বড়সড় ঘোষণা রাজ্য সরকারের। এবার আরও ৭ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা। শুক্রবার নবান্ন সভাঘর থেকে এই আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য প্রশাসন সূত্রে খবর, এর আগে ১০ লক্ষ ২০ হাজারেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। এবার বাকি উপভোক্তাদেরও আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ। উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ আবাস যোজনার অধীনে প্রায় ১৭ লক্ষ পরিবারকে প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে রাজ্যে সরকার পরিবর্তনের পর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার উদ্যোগ নেয় নতুন সরকার। কেন্দ্রীয় বরাদ্দের পরিবর্তে রাজ্যের নিজস্ব তহবিল থেকেই এই অর্থ দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

তবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে উপভোক্তাদের যোগ্যতা ও নথিপত্র যাচাইয়ের উপর বিশেষ গুরুত্ব দেয় প্রশাসন। প্রথম দফায় ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তার তথ্য যাচাইয়ের কাজ শেষ হলে তাঁদের প্রত্যেককে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়। এবার বাকি উপভোক্তাদের যাচাই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ফলে শুক্রবার আরও ৭ লক্ষ পরিবারের কাছে দ্বিতীয় কিস্তির অর্থ পৌঁছে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। অন্যদিকে, যাচাইয়ের কাজ চলাকালীন আবাস যোজনার উপভোক্তা তালিকায় একাধিক অনিয়মের অভিযোগও সামনে এসেছে। রাজ্য সরকারের দাবি, আগের সরকারের আমলে ১২ হাজারেরও বেশি ভুয়ো উপভোক্তার নাম এই প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। প্রশাসনের তরফে ইতিমধ্যেই ওই নামগুলি চিহ্নিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিহ্নিত ভুয়ো উপভোক্তাদের আগামী ডিসেম্বর মাসের মধ্যে পাওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না এলে আগামী জানুয়ারি মাসে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দিয়েছেন তিনি।

Related Articles