আফ্রিকা যাওয়া আটকাতে এয়ার ইন্ডিয়ার বিমানে ‘হাইজ্যাক’ নাটক! গ্রেফতার সোদপুরের যাত্রী
শৌচাগারে মিলল রহস্যজনক চিরকূট, ভাইফোঁটার ভোরে বিমানবন্দরে তুমুল আতঙ্ক! পর্দাফাঁস করল হাতের লেখা
Truth of Bengal: ভাইফোঁটার আনন্দ ও ব্যস্ততার সকালেই কলকাতা বিমানবন্দর থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বড়সড় নাশকতার আশঙ্কায় তীব্র চাঞ্চল্য ছড়াল। বিমানের শৌচাগার থেকে উদ্ধার হয় একটি হুমকিবার্তা, যেখানে দাবি করা হয়েছিল বিমানটি হাইজ্যাক করা হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনও জঙ্গি চক্রান্ত নয়, বরং অফিসের কাজের চাপে আফ্রিকা যাওয়া এড়াতে এক যাত্রীর সাজানো উদ্ভট পরিকল্পনার পর্দাফাঁস করল পুলিশ। এই ঘটনায় ৫৫ বছর বয়সি ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে.
পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে মুম্বইগামী ওই বিমানটি উড়ে যাওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল। যাত্রীরাও নিজেদের আসনে বসে পড়েছিলেন এবং চালক বিমান ওড়ানোর জন্য গ্রিন সিগন্যালের অপেক্ষায় ছিলেন। ঠিক সেই মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) থেকে পাইলটের কাছে একটি জরুরি বার্তা এসে পৌঁছায় যে, বিমানটিতে হাইজ্যাক অ্যালার্ট বা হুমকি রয়েছে।
নির্দেশামাফিক তড়িঘড়ি বিমানটির উড়ান সাময়িক বাতিল করা হয়। চালক অত্যন্ত সতর্কতার সঙ্গে বিমানটিকে নিরাপদ দূরত্বে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যান। এরপর বিমানে থাকা সমস্ত যাত্রীকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। হঠাৎ এমন ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
খবর পেয়েই ঘটনার তদন্ত শুরু করে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশনের (BCAS) আধিকারিকরা। বিমানে থাকা ১০৫ জন যাত্রীর প্রত্যেকের হাতের লেখার নমুনা সংগ্রহ করা হয়। শৌচাগার থেকে উদ্ধার হওয়া সেই চিরকূটের হাতের লেখার সঙ্গে যাত্রীদের নমুনা মিলিয়ে দেখার কাজ শুরু হয়। দীর্ঘ তল্লাশি ও প্রাথমিক তদন্তের পরেই সোদপুরের বাসিন্দা বছর ৫৫-র পার্থপ্রতীম নন্দী নামের এক যাত্রীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে ওই যাত্রী স্বীকার করেন যে, এই কাজ তিনিই করেছেন। জেরায় তিনি জানান, তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে অফিসের কাজে আফ্রিকার একটি দেশে পাঠানো হচ্ছিল। তিনি জানতেন যে বিমানের হাইজ্যাক বা নাশকতার হুমকি পেলে উড়ান বাতিল করা হবে এবং তল্লাশি চলবে। আর সেই সুযোগেই বিমান বাতিল করিয়ে আফ্রিকা যাওয়া এড়ানোর মতলব এঁটেছিলেন তিনি।
জানা গিয়েছে, মানিব্যাগের ভেতরে থাকা কাগজের টুকরোতেই ব্লক লেটারে ইংরেজি হরফে ওই হুমকিবার্তা লিখেছিলেন তিনি। শেষ পর্যন্ত হাতের লেখার সূত্র ধরেই তদন্তকারীরা আসল সত্য উদ্ঘাটন করেন এবং ওই যাত্রীকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।






