বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস
কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বয়েছে। বৃহস্পতিবারও এই চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Truth of Bengal: বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ঘিরে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই কয়েকটি এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব দেখা গিয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বুধবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বয়েছে। বৃহস্পতিবারও এই চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা-সহ সংশ্লিষ্ট জেলাগুলির আবহাওয়ার দিকে নজর রাখতে বলেছে হাওয়া অফিস।
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। রোদের দেখা বিশেষ মেলেনি। দিনের বিভিন্ন সময়ে শহরের কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবারও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না বলেই পূর্বাভাস। শুক্রবার থেকে শহরের আবহাওয়া শুকনো হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া কিছুটা আলাদা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর—এই আট জেলায় বৃহস্পতিবার বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে আপাতত উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য স্বস্তির খবর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের পর থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।






