ফের পালাল ‘বক্সার রানি’! ৫ দিনও কাটল না, এনক্লোজার ছেড়ে গভীর জঙ্গলে চম্পট বাঘিনীর
রেডিও কলার বিকল? তিন ঘণ্টা অন্তর মিলছে না বাঘিনীর অবস্থান, উদ্বেগে ঘুম উড়েছে বনকর্তাদের
Truth of Bengal: বক্সা টাইগার রিজার্ভে ফের একবার সবার নজর এড়িয়ে লোহার এনক্লোজার (লোহার খাঁচা) থেকে বেরিয়ে পালালো ডুয়ার্সের রানি। রবিবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বক্সার ২৭ মাইল সংলগ্ন এলাকায়। বাঘিনী এনক্লোজার ছেড়ে গভীর জঙ্গলের দিকে চম্পট দেওয়ার খবর জানাজানি হতেই বনদফতরের অন্দরমহলে চরম হুলুস্থুল পড়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে বক্সা টাইগার রিজার্ভের সমস্ত বনকর্মীর ছুটি বাতিল করা হয়েছে এবং পুরো জঙ্গলজুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট বা রেড অ্যালার্ট।
ফের সক্রিয় নজরদারি দল, নিখোঁজ বাঘিনী
উল্লেখ্য, এই বাঘিনীটিকে গত ৫ নভেম্বর থেকে এনক্লোজারেই বন্দি করে রাখা হয়েছিল। বাঘিনীটিকে মুক্ত বনাঞ্চলে ছেড়ে দেওয়ার পর নজরদারির জন্য যে ত্রিস্তরীয় বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছিল, সেটি সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছিল। বাঘিনীর পলায়নের খবর আসতেই রবিাবর বিকেলে ফের সেই দলের বনকর্মীদের দ্রুত বাঘিনী পাহারার পুরনো দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত, রবিবার রাত পর্যন্ত ওই নিখোঁজ বাঘিনীর সঠিক অবস্থান সম্পর্কে বনদফতর কোনও সুনির্দিষ্ট তথ্য পায়নি।
রেডিও কলার ও প্রযুক্তিগত সমস্যা
বনদপ্তরের একটি বিশ্বস্ত সূত্রের দাবি, বাঘিনীর গায়ে লাগানো রেডিও কলারের মাধ্যমে প্রতি তিন ঘণ্টা অন্তর তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার কথা ছিল। আশঙ্কা করা হচ্ছে, এনক্লোজার বা খাঁচা ভেঙে বেরোনোর সময় বাঘিনীর গলায় থাকা অত্যন্ত সংবেদনশীল রেডিও কলারটি কোনওভাবে ক্ষতিগ্রস্ত বা বিকল হয়ে থাকতে পারে। সেই কারণেই বাঘিনীর বর্তমান অবস্থান নিশ্চিতভাবে জানতে বনদপ্তরের চূড়ান্ত প্রযুক্তিগত সমস্যা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বাঘিনী ঠিক কীভাবে অত কড়া নিরাপত্তার মাঝেও এনক্লোজার থেকে বেরিয়ে যেতে সক্ষম হল, তা নিয়ে বনদফতরের শীর্ষ আধিকারিকরা এখনও স্পষ্ট করে কিছু জানাননি।
পলায়ন-ধরা-আবার পলায়ন: বক্সার বাঘিনীর ইতিহাস
গত ২৯ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে এই তিন বছরের বাঘিনীটিকে কাবু করা হয়েছিল। এরপর ৩০ সেপ্টেম্বর বক্সার ২৫ মাইল এলাকায় প্রায় সাত বিঘা জমিতে তৈরি একটি বিশাল এনক্লোজারে তাকে রাখা হয়। ২ অক্টোবর এনক্লোজারের দরজা খুলে দেওয়া হলেও সে বেরোতে রাজি হয়নি। অবশেষে ৪ অক্টোবর সে খাঁচা থেকে বেরিয়ে অসমের দিকে রওনা দেয় এবং সংকোশ নদী পেরিয়ে অসমের রাইমোনা বনাঞ্চলে পৌঁছায়। গত ৩ নভেম্বর কোকরাঝাড়ের কাছে ফের তাকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে বক্সায় ফিরিয়ে আনা হয়েছিল। মাত্র পাঁচদিন বক্সার এনক্লোজারে বন্দি থাকার পর ফের একবার এনক্লোজার ভেঙে স্বাধীন জীবনে পা দিল এই দুঃসাহসিক বাঘিনী।






