সিএএ-র কাজ দ্রুত শেষ করতে ১২ আইএএস প্রবেশনারকে নিয়োগ, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় বিশেষ দায়িত্ব দিল নবান্ন
নবান্নের নির্দেশিকা অনুযায়ী, ২০২৫ ব্যাচের মোট ১২ জন আইএএস প্রবেশনারকে আগামী দু’মাসের জন্য সংশ্লিষ্ট দুই জেলার প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত রাখা হবে।
জ্যোতির্ময় দত্ত, নবান্ন : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। এই কাজে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় মোট ১২ জন আইএএস প্রবেশনারকে নিয়োগ করল নবান্ন। সোমবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (P&AR) দফতরের আইএএস সেল থেকে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে।
সিএএ-র কাজ দ্রুত শেষ করতে ১২ আইএএস প্রবেশনারকে নিয়োগ, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় বিশেষ দায়িত্ব দিল নবান্ন https://t.co/wbZHr05K54
— thetruthofbengal (@TruthofBengalX) November 3, 2026
নবান্নের নির্দেশিকা অনুযায়ী, ২০২৫ ব্যাচের মোট ১২ জন আইএএস প্রবেশনারকে আগামী দু’মাসের জন্য সংশ্লিষ্ট দুই জেলার প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত রাখা হবে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় ছ’জন এবং নদিয়া জেলায় ছ’জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশ জারির দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি ঠাকুরনগরে আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলনে যোগ দিয়ে CAA সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানিয়েছিলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রায় আড়াই লক্ষ CAA আবেদনকারীর শুনানি প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি, যোগ্য আবেদনকারীদের নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরই প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়াল নবান্ন। মতুয়া অধ্যুষিত দুই জেলা উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় অতিরিক্ত আইএএস আধিকারিকদের যুক্ত করার সিদ্ধান্তকে CAA সংক্রান্ত কাজের গতি বাড়ানোর পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
এখন দেখার, আগামী দু’মাসে এই বিশেষ প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে নাগরিকত্ব সংক্রান্ত আবেদন, শুনানি এবং পরবর্তী প্রক্রিয়া কতটা দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়।






