বিধানসভার শৌচালয় থেকে উদ্ধার কর্মীর দেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
জানা গিয়েছে, তিলজলার বাসিন্দা উমেশচন্দ্র একটি ঠিকাদার সংস্থার হয়ে বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন।
Truth of Bengal: সপ্তাহের শুরুতেই রাজ্য বিধানসভায় চাঞ্চল্য। সোমবার সকালে বিধানসভার শৌচালয় থেকে উদ্ধার হল এক কর্মীর মৃতদেহ। মৃতের নাম উমেশচন্দ্র দাস (৬২)। দীর্ঘক্ষণ শৌচালয় থেকে বের না হওয়ায় সন্দেহ হয় সহকর্মীদের। দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, তিলজলার বাসিন্দা উমেশচন্দ্র একটি ঠিকাদার সংস্থার হয়ে বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন। প্রায় ১৫ বছর ধরে ওই ক্যান্টিনে কর্মরত ছিলেন তিনি। বিধানসভার ক্যান্টিনেই থাকতেন এবং সেখানেই রাতে ঘুমোতেন। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ শৌচালয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ তাঁর সাড়া না মেলায় সহকর্মীরা দরজা ভেঙে দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিধানসভার সচিব, মার্শাল ও পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, বয়সজনিত কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। দেহে আঘাতের কোনও চিহ্ন মেলেনি বলে জানা গিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব নয়। প্রয়োজনে ফরেনসিক পরীক্ষাও করা হবে। আপাতত ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। গোটা বিষয়টি বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে জানানো হয়েছে।





