এফআইআর হলে সিআইডি তদন্তের আশ্বাস শুভেন্দুর! পাল্টা কী বললেন ঋতব্রত?
নথি ছিনতাইয়ের চেষ্টা আগাম পরিকল্পনা করে করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে
Truth of Bengal: নির্বাচন কমিশনে নথি জমা দিতে যাওয়ার পথে ট্রাক ছিনতাইয়ের চেষ্টা! বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঘিরে এবার বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা এফআইআর করলে গোটা ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হবে বলে জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ঋতব্রত। তাঁর দাবি, ঘটনাটি ঘটেছিল হরিয়ানায়। তবে নথি ছিনতাইয়ের চেষ্টা আগাম পরিকল্পনা করে করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নথি জমা দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের। সেই উদ্দেশ্যে ট্রাকে করে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে নথি পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু মাঝপথে ট্রাক থামিয়ে নথি ছিনতাইয়ের চেষ্টা হয় বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। সমাজমাধ্যমে পোস্ট করে ঋতব্রত দাবি করেন, ট্রাকে থাকা দলের কর্মীরাই ছিনতাইয়ের চেষ্টা প্রতিহত করেন। এ দিন বিধানসভায় সেই অভিযোগের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিরোধী দলনেতা সমাজমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, তাঁদের হলফনামা নিয়ে যাওয়ার সময় ট্রাক ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। তিনি এফআইআর করলে সিআইডিকে দিয়ে তদন্ত করানো হবে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনাটি ঘটেছিল হরিয়ানায়। ঘটনার দিন ভোরবেলা তিনি যখন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, তখন হরিয়ানা পুলিশ এবং দিল্লি পুলিশকে ট্যাগ করেছিলেন। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ঋতব্রতর দাবি, ভোররাত ৩টে নাগাদ এই ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্রাকের চালক এবং তাঁদের দলের এক কর্মীকে নামিয়ে দেওয়া হয়। এরপর ট্রাকটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বিরোধী দলনেতার আরও অভিযোগ, ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করা ব্যক্তিরা বলেছিল, “যারা ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করেছিল তারা বলে, আমাদের জিনিস আমরা নিয়ে যাচ্ছি।”





