জ্ঞানেশ কুমারের নিয়োগকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ দোলা সেন
জ্ঞানেশ কুমারের নিয়োগ, এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মধ্যেই এই পদক্ষেপ।
Truth of Bengal: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ দোলা সেন। তাঁর দায়ের করা মামলায় অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকেও যুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
জ্ঞানেশ কুমারের নিয়োগ, এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মধ্যেই এই পদক্ষেপ। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়, গত ১০ মাসে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার একাধিকবার লিখিত আপত্তি জানিয়েছিলেন। প্রতিবেদনের এই দাবির পর সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলি খতিয়ে দেখার দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।
এর আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র নেতারাও জ্ঞানেশ কুমারের নিয়োগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে, তাঁকে অপসারণের দাবিতে সংসদে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার উদ্যোগ নিচ্ছে বিরোধীরা। নির্বাচন কমিশনের ভূমিকা ও এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের প্রতিবাদের মধ্যেই দোলা সেনের এই মামলা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।





