কলকাতা

“২ মিনিটের ভুলেই চোরবাগান কাণ্ড, ক্ষমার অযোগ্য অপরাধ!” স্বজনহারাদের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

নিউ ব্যারাকপুর থেকে বরানগর, স্বজনহারাদের বাড়িতে গিয়ে ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী!

Truth of Bengal: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন মণ্ডপের মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় শোকের ছায়া এখনও কাটেনি রাজ্যজুড়ে। বিজয়া দশমীর ব্যস্ততা এবং বাবুঘাটে গঙ্গার বিসর্জনের প্রস্তুতি খতিয়ে দেখার ফাঁকেই বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শোকাহত পরিবারগুলির পাশে গিয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সুদূর নিউ ব্যারাকপুর থেকে বরানগর, একের পর এক মৃতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি এবং তাঁদের হাতে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেন।

মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরের বাসিন্দা তরুণী প্রিয়া সমাদ্দার। বুধবার সকালে প্রিয়ার বাড়িতে পৌঁছে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। শোকাচ্ছন্ন পরিবারের লোকেদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাঁদের সান্ত্বনা দেন এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। এরপর বরানগরের বাসিন্দা দম্পতি দিলীপ ঘোষ ও দীপালী ঘোষের বাড়িতেও যান তিনি। বাবা-মা উভয়কেই একঝটকায় হারিয়ে শোকে ভেঙে পড়া ওই দম্পতির একমাত্র ছেলেকে জড়িয়ে ধরে চোখের জল মুছিয়ে দেন মুখ্যমন্ত্রী। এই ধরনের অমানবিক বিপর্যয় এবং স্বজন হারানোর বেদনা দেখে তাঁর নিজের গলাও ভারী হয়ে আসে।

বাবুঘাটে বিসর্জনের প্রস্তুতি পরিদর্শনের সময় চোরবাগানের ঘটনা প্রসঙ্গে অত্যন্ত কড়া মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, “২ মিনিটের ভুলে চোরবাগান দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনা সম্পূর্ণ ক্ষমার অযোগ্য।” পাশাপাশি তিনি স্পষ্ট জানান যে, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনে কোনও কর্মরত বিচারপতি নন, বরং একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় বা তদন্ত কমিশন গঠন করতে পারে রাজ্য সরকার, যা নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছে। তদন্তকারী ফ্যাক্ট ফাইন্ডিং টিম সমস্ত তথ্য ও আসল সত্য সামনে নিয়ে আসবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

বিরোধী রাজনৈতিক শিবিরকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন যে, বিগত ৪৫ বছরের জঞ্জাল ও বেহাল প্রশাসনিক ব্যবস্থা রাতারাতি বদলানো সম্ভব নয়, এর জন্য কিছুটা সময় লাগবে। বিশেষ করে পূর্ববর্তী তৃণমূল জমানায় পুলিশের মতো গুরুত্বপূর্ণ দফতরেও সঠিক উপায়ে কোনও নিয়োগ হয়নি বলেই অভিযোগ করেন তিনি। অপরাধীদের কঠোর শাস্তি এবং আগামী দিনে এই ধরণের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles