রেজিনগর-নন্দীগ্রামে কড়া নিরাপত্তায় ভোট গণনা, ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা গণনাকেন্দ্র
নন্দীগ্রাম ও রেজিনগরে রেজাল্ট ডে-তে কড়া প্রহরা! ১০০ মিটারে নো-গাড়ি জোন, ড্রোন-প্রশাসনে তোলপাড়
Truth of Bengal: রেজিনগর ও নন্দীগ্রামে ভোট গণনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল প্রশাসন। গণনাকেন্দ্র এবং তার আশপাশের এলাকায় যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কমিশনের নির্দেশিকা মেনে গণনার প্রতিটি ধাপেই থাকছে কড়া নজরদারি।
দুই কেন্দ্রেই থাকবে দু’টি করে EVM গণনা হল। মোট ১৫ রাউন্ডে ভোট গণনা সম্পন্ন হবে। পাশাপাশি ETPB এবং পোস্টাল ব্যালট গণনার জন্য পৃথক হলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে থাকবেন এক জন করে গণনা পর্যবেক্ষক।
রেজিনগরে ভোট গণনা হবে বহরমপুর গার্লস কলেজে। অন্যদিকে, নন্দীগ্রামের গণনাকেন্দ্র করা হয়েছে কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যানেক্সড বিল্ডিংকে।
নিরাপত্তার ক্ষেত্রে প্রথমেই গণনাকেন্দ্রের ১০০ মিটার এলাকাকে ‘পথচারী জ়োন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই এলাকায় কোনও গাড়ি চলাচল করতে পারবে না। গণনাকেন্দ্রের মূল ফটকে মোতায়েন থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ। গণনাকেন্দ্রের প্রবেশপথে থাকবে কেন্দ্রীয় বাহিনী বা CAPF।
কমিশন অনুমোদিত পরিচয়পত্র ছাড়া কোনও ব্যক্তিকে গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আধিকারিকদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রেও এবার ব্যবহার করা হবে ECINET-এর QR কোড-সমৃদ্ধ পরিচয়পত্র। ফলে পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াতেও বাড়তি সতর্কতা থাকছে।
গণনাকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট জেলাশাসকেরা BNSS-এর ১৬৩ ধারা অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছেন। ভোট গণনা চলাকালীন কোনও ধরনের জমায়েত বা বিশৃঙ্খলা যাতে না হয়, সেদিকেও বিশেষ নজর রাখবে প্রশাসন।
রেজিনগর ও নন্দীগ্রামের ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। সেই পরিস্থিতিতে নির্বিঘ্নে ও স্বচ্ছভাবে ভোট গণনা সম্পন্ন করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।






