নিজের বাড়িতেই ভয়াবহ অগ্নিকাণ্ড! দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিধায়ক বায়রন বিশ্বাস
পরিবার ও স্থানীয়দের তৎপরতায় বায়রন বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে তাঁর মালিকানাধীন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়
Truth of Bengal: নিজের বাড়িতেই ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর জখম হলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। শনিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ-ধুলিয়ান এলাকায় তাঁর বাড়িতে আচমকা আগুন লাগে। সেই সময় বাড়িতেই ছিলেন বিধায়ক। আগুনে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। পরিবার ও স্থানীয়দের তৎপরতায় বায়রন বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে তাঁর মালিকানাধীন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা গুরুতর। চিকিৎসকদের একটি বিশেষ দল বিধায়কের চিকিৎসা শুরু করেছে। শরীরের কত শতাংশ পুড়ে গিয়েছে এবং তাঁর শারীরিক পরিস্থিতি ঠিক কতটা সংকটজনক, তা জানতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। কীভাবে বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুনের উৎস এবং ঘটনার নেপথ্যে কোনও দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও দমকলের তরফেও ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বায়রন বিশ্বাস বর্তমানে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তাঁর অগ্নিদগ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বায়রনের দ্রুত আরোগ্য কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।





