কলকাতা

গড়িয়াহাট থানায় দায়ের FIR! প্রাক্তন পুলিশকর্তার বিরুদ্ধে এবার দুর্নীতি দমন আইনে মামলা

গড়িয়াহাট থানায় তাঁর বিরুদ্ধে পদমর্যাদা ও প্রভাবের অপব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে

Truth of Bengal: প্রাক্তন পুলিশকর্তা শান্তনু প্রসাদ সিনহার বিরুদ্ধে এবার দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হল। গড়িয়াহাট থানায় তাঁর বিরুদ্ধে পদমর্যাদা ও প্রভাবের অপব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, বিভিন্ন সময়ে সুবিধা পাইয়ে দেওয়া এবং প্রভাব খাটানোর বিনিময়ে শান্তনু ও তাঁর পরিবারের সদস্যরা প্রায় ২ কোটি ৮৯ লক্ষ টাকার আর্থিক সুবিধা পেয়েছেন। নগদ অর্থের পাশাপাশি দামি উপহার এবং অন্যান্য সুবিধাও নেওয়া হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ব্যবসায়ী রাজেশ কুমার জাজোদিয়ার বিভিন্ন সংস্থা থেকে শান্তনুর স্ত্রী কাকুলি সিনহা বিশ্বাস বেতন বাবদ মোট ৭৪ লক্ষ ৩৬ হাজার ১৯৮ টাকা পেয়েছেন। একই সঙ্গে প্রায় ৮২ লক্ষ টাকা মূল্যের দু’টি বেনামি ফ্ল্যাট কেনার অভিযোগও উঠেছে।

তদন্তকারীদের অভিযোগ, প্রভাব খাটিয়ে ছেলে সায়ন্তন সিনহা বিশ্বাসের মেডিক্যাল কলেজের ফি বাবদ প্রায় ২১ লক্ষ টাকার সুবিধা নেওয়া হয়েছিল। মুর্শিদাবাদের কান্দিতে শান্তনুর বিলাসবহুল বাড়ি সংস্কারে প্রায় ৬২ লক্ষ টাকা খরচ হয়েছে বলেও অভিযোগ। ওই অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা। এখানেই শেষ নয়। বিভিন্ন সংস্থা ও ব্যক্তির কাছ থেকে আরও নানা আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন ওই পুলিশকর্তার বিরুদ্ধে। মামলায় এমনও অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত জয় কামদারের স্ত্রীর কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা দামের একটি নামী সংস্থার ব্যাগ উপহার হিসেবে নেওয়া হয়েছিল।

সব মিলিয়ে শান্তনু ও তাঁর পরিবারের বিরুদ্ধে পুলিশকর্তা হিসেবে তাঁর প্রভাব কাজে লাগিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগের ভিত্তিতেই নতুন মামলা দায়ের হয়েছে। এর আগেও জমি দখল সংক্রান্ত একটি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন শান্তনু। বর্তমানে তিনি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি বলে জানা গিয়েছে। ওই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কসবা সংক্রান্ত একটি মামলার তদন্তেও প্রাক্তন ওই পুলিশকর্তার নাম উঠে এসেছিল। তদন্তকারীদের দাবি, ব্যবসায়ী জয় কামদা এবং অন্য কয়েকজনের সঙ্গে যোগসাজশে প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলার তদন্ত চলার মধ্যেই এবার দুর্নীতি দমন আইনে নতুন মামলা যোগ হল শান্তনু প্রসাদ সিনহার বিরুদ্ধে।