দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
Truth of Bengal: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
সোমবারও দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।






