‘বাঙালি-অবাঙালি বিভেদ নয়’, গণেশ পুজোয় সনাতনী ঐক্যের ডাক শুভেন্দুর
শুভেন্দুর অভিযোগ, দীর্ঘ বাম শাসন এবং পরবর্তী তৃণমূল সরকারের আমলে বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
Truth of Bengal: কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধন করে সনাতনী সংস্কৃতি ও ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, উৎসব, ভাষা বা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে বাঙালি ও অবাঙালির মধ্যে বিভেদ তৈরি হওয়া উচিত নয়। গণেশ পুজো থেকে দুর্গাপুজো কিংবা ছট—সব উৎসবই দেশের সনাতনী সমাজের ঐতিহ্যের অংশ বলে মন্তব্য করেন তিনি।
শুভেন্দুর অভিযোগ, দীর্ঘ বাম শাসন এবং পরবর্তী তৃণমূল সরকারের আমলে বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক পরম্পরাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাঁর দাবি, গণেশ পুজোকে কেবল মহারাষ্ট্র, ছটপুজোকে কেবল বিহার বা দুর্গাপুজোকে শুধু বাংলার উৎসব হিসেবে দেখানোর প্রবণতা তৈরি হয়েছিল। সেই বিভাজন ভেঙে ঐক্যবদ্ধ ‘সনাতনী বাংলা’ গড়ার ডাক দেন তিনি।
বামেদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ঐতিহ্য, ধর্মীয় সংস্কার ও ধর্মীয় সাহিত্যকে দীর্ঘদিন উপেক্ষা করা হয়েছে। দেশভাগের প্রসঙ্গ টেনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দের ভূমিকাও তুলে ধরেন তিনি।
তৃণমূল আমলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও সরব হন শুভেন্দু। তাঁর অভিযোগ, একসময় মহরমের কারণে বিসর্জনের সূচি বদলানো হয়েছিল এবং পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধনের চলও তৈরি হয়েছিল। তাঁর বার্তা, বাংলার পঞ্জিকা, ধর্মীয় রীতি, সংস্কার ও পরম্পরা অক্ষুণ্ণ রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।






