আলোর মালায় সাজছে তারাপীঠ, কৌশিকী অমাবস্যায় থাকছে একাধিক চমক
প্রতি বছরের মতো এবারও এই বিশেষ তিথিতে তারাপীঠে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
Truth of Bengal: কৌশিকী অমাবস্যার আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই উৎসবের সাজে সেজে উঠছে তারাপীঠ। রামপুরহাট থেকে তারাপীঠ পর্যন্ত রাস্তার দু’ধারে চলছে আলোকসজ্জা। নতুন রঙে সাজানো হচ্ছে মুনসভা মোড়ের তারাপীঠ তোরণও।
আগামী ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। প্রতি বছরের মতো এবারও এই বিশেষ তিথিতে তারাপীঠে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সেই কারণে প্রশাসন ও মন্দির কমিটির তরফে প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।
এবারের অন্যতম আকর্ষণ দ্বারকা নদীর পাড়ে সন্ধ্যারতি। প্রায় ১০ মাস বন্ধ থাকার পর কৌশিকী অমাবস্যার দিন থেকেই ফের সন্ধ্যারতি শুরু করার পরিকল্পনা রয়েছে। ভক্তদের জন্য এই আয়োজনকে বিশেষ আকর্ষণ হিসেবে তুলে ধরা হচ্ছে।
রামপুরহাট সংলগ্ন মুনসভা মোড়ের তারাপীঠ তোরণ নতুন করে রং করা হচ্ছে এবং আলোয় সাজানো হচ্ছে। তোরণের পাশেই তৈরি হচ্ছে অস্থায়ী মঞ্চ। সেখানে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হওয়ার কথা।
এর পাশাপাশি ভক্তদের জন্য আরও কয়েকটি চমকের পরিকল্পনা রয়েছে। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মতো বিশেষ আয়োজনও থাকতে পারে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে উৎসবের আবহে সেজে উঠছে তারাপীঠ।



