ফ্ল্যাট বুকিং থেকে বাজারের মাছে ক্ষতিকর রং! ক্রেতা প্রতারণায় ‘জিরো টলারেন্স’ ঘোষণা রাজ্য সরকারের
তাঁর স্পষ্ট ঘোষণা, ক্রেতা প্রতারণার ক্ষেত্রে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না। সরকার চলবে ‘জিরো টলারেন্স’ নীতিতে
Truth of Bengal: ফ্ল্যাট বুকিংয়ের নামে প্রতারণা থেকে শুরু করে বাজারের সবজি-মাছে ক্ষতিকর রং, দাঁড়িপাল্লায় কারচুপি, এমনকি অনলাইনে খাবার কেনার ক্ষেত্রেও জালিয়াতি—রাজ্যজুড়ে ক্রেতাদের নানা অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে উপভোক্তাদের অধিকার রক্ষায় কড়া পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট ঘোষণা, ক্রেতা প্রতারণার ক্ষেত্রে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না। সরকার চলবে ‘জিরো টলারেন্স’ নীতিতে। সোমবার থেকে শুরু হয়েছে ক্রেতা সুরক্ষা সপ্তাহ। হগ মার্কেট চত্বরে সেই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, বহুতল আবাসনের ভুয়ো বিজ্ঞাপন দেখিয়ে ফ্ল্যাট বুকিংয়ের নামে অগ্রিম টাকা নেওয়ার মতো অভিযোগ তাঁর কাছে এসেছে। বহু ক্ষেত্রে টাকা দেওয়ার পরও ফ্ল্যাট পাননি ক্রেতারা। এই ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, আগের সরকারগুলির আমলে ক্রেতা সুরক্ষা দপ্তর যথেষ্ট গুরুত্ব পায়নি। তিনি বলেন, এই দপ্তরের সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সরাসরি সম্পর্ক রয়েছে, অথচ দীর্ঘদিন তা অবহেলিত ছিল। ফ্ল্যাট প্রতারণার পাশাপাশি অনলাইনে খাবার কেনার ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগ বাড়ছে বলে জানান শুভেন্দু। তাঁর দাবি, নিউটাউনের একটি বাড়ি থেকে এই ধরনের প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই ১২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বাজারে সবজি ও মাছে ক্ষতিকর রং মেশানো, ওজনে কারচুপি, নকল বা নিম্নমানের পণ্য বিক্রি—এই সমস্ত অনিয়ম রুখতে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিয়মিত নজরদারি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।
তবে শুধু অভিযান চালিয়েই থেমে থাকতে চাইছে না সরকার। সাধারণ মানুষকে তাঁদের অধিকার সম্পর্কে সচেতন করাও হবে। জেলায় জেলায় বাউল গান, লিফলেট, প্রচারপত্র এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রেতা সচেতনতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর বার্তা, বাজার থেকে ফ্ল্যাট—যেখানেই ক্রেতা প্রতারণার অভিযোগ উঠবে, সেখানেই ব্যবস্থা নেবে প্রশাসন। উপভোক্তার অধিকার রক্ষায় কোনও প্রভাব বা চাপের কাছে সরকার মাথা নত করবে না।






