‘সকাল ৭টায় খুলতে হবে আউটডোর’, হাসপাতাল পরিদর্শনে এসে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
শনিবার সকালে একটি পুজোর অনুষ্ঠানে যাওয়ার পথে হাসপাতালটি ঘুরে দেখেন সুমনা।
রাকেশ চক্রবর্তী, হুগলি: আচমকা শ্রীরামপুরের ওয়ালস সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পরিদর্শনে গেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। শনিবার সকালে হাসপাতালে গিয়ে রোগী, চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন তিনি। পরিদর্শনের পর হাসপাতালের বহির্বিভাগের কাউন্টার সকাল ৯টার পরিবর্তে ৭টা থেকেই খোলার নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সকালে একটি পুজোর অনুষ্ঠানে যাওয়ার পথে হাসপাতালটি ঘুরে দেখেন সুমনা। তাঁর বক্তব্য, স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বারবার হাসপাতাল পরিদর্শনের অনুরোধ জানিয়েছিলেন। সেই কারণেই এ দিন আচমকা হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনের সময় হাসপাতালের রোগী, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তবে হাসপাতালে সুপার উপস্থিত না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি। রোগীদের সঙ্গে কথা বলে বড় কোনও অভিযোগ না পেলেও হাসপাতালের পরিচ্ছন্নতা এবং বহির্বিভাগের কাউন্টার খোলার সময় নিয়ে কিছু সমস্যার কথা জানতে পারেন মন্ত্রী।
সুমনা বলেন, হাসপাতালের বহির্বিভাগের কাউন্টার সকাল ৯টায় খোলার কারণে রোগীদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তাই সকাল ৭টা থেকেই কাউন্টার খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘‘রোগীরা সকাল থেকে এসে বসে থাকেন, অথচ নটার আগে কাউন্টার খোলে না। বলেছি, সাতটা থেকেই কাউন্টার খুলে দিতে হবে। এতে মানুষের সুবিধা হবে।’’
হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রতিদিন হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। রোগীদের সঙ্গে হাসপাতালের কর্মীদের ব্যবহার নিয়েও জোর দেন সুমনা। তাঁর বক্তব্য, চিকিৎসক ও নার্স যথেষ্ট রয়েছেন এবং তাঁরা রোগীদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন। হাসপাতালে এসে সাধারণ মানুষ ভালো ব্যবহার প্রত্যাশা করেন।
পাশাপাশি পূর্বতন সরকারের আমলে হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের সময়ে হাসপাতালের পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছিল। বর্তমান সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার মধ্যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ দিনের আচমকা পরিদর্শনে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে একাধিক নির্দেশ দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বহির্বিভাগের কাউন্টার দ্রুত খোলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।



