প্রফেশনাল ট্যাক্সে বড় পরিবর্তন! চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য নতুন দর বাঁধল নবান্ন
ব্যবসায়ী ও সাধারণ স্বাধীন পেশাজীবীদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হবে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে
Truth of Bengal: রাজ্যে প্রফেশনাল ট্যাক্সের সংশোধিত হার প্রকাশ করল নবান্ন। বেতনভোগী কর্মচারী, ব্যবসায়ী এবং বিভিন্ন স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আয়ের ভিত্তিতে নতুন কর কাঠামো নির্ধারণ করা হয়েছে। অর্থ দপ্তরের সচিব সঞ্জয় বনশলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরিজীবী এবং নির্দিষ্ট কয়েকটি বাণিজ্যিক পেশার ক্ষেত্রে নতুন হার কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। অন্যদিকে, ব্যবসায়ী ও সাধারণ স্বাধীন পেশাজীবীদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হবে ২০২৭ সালের ১ এপ্রিল থেকে। নতুন নির্দেশিকা অনুযায়ী, মাসিক বেতন ২০ হাজার টাকা পর্যন্ত হলে কোনও প্রফেশনাল ট্যাক্স দিতে হবে না। এতদিন ১০ হাজার টাকার বেশি মাসিক আয় হলেই এই করের আওতায় পড়তে হত। ফলে নতুন কাঠামোয় নিম্ন আয়ের চাকরিজীবীরা বড়সড় স্বস্তি পেতে চলেছেন।
মাসিক আয় ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে হলে প্রতি মাসে ১০০ টাকা প্রফেশনাল ট্যাক্স দিতে হবে। ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ে মাসিক কর হবে ১৪০ টাকা। ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত মাসিক আয়ে দিতে হবে ১৭০ টাকা। আর মাসে ১ লক্ষ টাকার বেশি আয় হলে প্রতি মাসে ২০৮ টাকা প্রফেশনাল ট্যাক্স দিতে হবে। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্য মাসিক নয়, বার্ষিক আয়ের ভিত্তিতে কর ধার্য করা হয়েছে। বছরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয় হলে সম্পূর্ণ করছাড় মিলবে। আড়াই লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে বছরে ১ হাজার টাকা এবং ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বছরে ২ হাজার টাকা কর দিতে হবে। নির্দিষ্ট উচ্চ আয়ের ক্ষেত্রে বার্ষিক প্রফেশনাল ট্যাক্স সর্বোচ্চ আড়াই হাজার টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। পণ্য বা পরিষেবাভিত্তিক ব্যবসার ক্ষেত্রেও আলাদা নিয়ম রাখা হয়েছে। বার্ষিক টার্নওভার ১০ লক্ষ টাকা পর্যন্ত হলে কোনও প্রফেশনাল ট্যাক্স দিতে হবে না। তার বেশি লেনদেন হলে নির্ধারিত স্ল্যাব অনুযায়ী কর প্রযোজ্য হবে।
নতুন কর কাঠামো নিয়ে কারও আপত্তি বা পরামর্শ থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের ১৪ দিনের মধ্যে তা রাজ্য সরকারের কাছে জানানো যাবে। এছাড়াও একাধিক নির্দিষ্ট পেশা ও ব্যবসার ক্ষেত্রে বছরে এককালীন আড়াই হাজার টাকা প্রফেশনাল ট্যাক্স বাধ্যতামূলক করা হয়েছে। এই তালিকায় রয়েছে শপিং মল ও মাল্টিপ্লেক্সের দোকান, শীতাতপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁ, বিউটি পার্লার, জিম, নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার, পেট্রোল পাম্প, বিভিন্ন সংস্থার ডিরেক্টর এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী। নতুন করে আধুনিক তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল ক্ষেত্রের একাধিক পেশাকেও এই তালিকায় আনা হয়েছে। ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স ও সাইবার সিকিউরিটির বিশেষজ্ঞ, ওটিটি প্ল্যাটফর্মের প্রযোজক, অনলাইন এডুকেটর এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সির মালিকদেরও নির্দিষ্ট হারে প্রফেশনাল ট্যাক্স দিতে হবে।


