রাজ্যের খবর

খুদে পড়ুয়াদের জন্য সুখবর! স্কুলে সপ্তাহে ২ দিন মিলবে ডিম, বিল মেটাবে সরকার

সূত্রের খবর, বৈঠকে জানানো হয়েছে, সপ্তাহে দু’দিন ডিম দেওয়ার জন্য পড়ুয়া পিছু মোট ১৬ টাকা বরাদ্দ করা হবে

Truth of Bengal: মিড-ডে মিলে সপ্তাহে দু’দিন পড়ুয়াদের ডিম দেওয়ার দায়িত্ব আপাতত স্কুল কর্তৃপক্ষের উপরই থাকছে। বৃহস্পতিবার কলকাতার শিক্ষা ভবনে আয়োজিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে। মূলত যেসব স্কুলে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন মিড-ডে মিল সরবরাহ করে, সেই স্কুলগুলির প্রতিনিধিদের নিয়েই বৈঠক হয়। সূত্রের খবর, বৈঠকে জানানো হয়েছে, সপ্তাহে দু’দিন ডিম দেওয়ার জন্য পড়ুয়া পিছু মোট ১৬ টাকা বরাদ্দ করা হবে। অর্থাৎ প্রতি ডিমের জন্য ধরা হয়েছে ৮ টাকা। আপাতত এই খরচ স্কুলগুলিকে কম্পোজিট গ্রান্ট থেকে মেটাতে হবে। পরে সরকারের কাছে বিল জমা দিলে সেই অর্থ ফেরত দেওয়া হবে।

ডিম সরবরাহের বিকল্প ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। শিক্ষা দপ্তরের প্রস্তাব, প্রয়োজনে কোনও স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে সেদ্ধ ডিম কিনে পড়ুয়াদের দেওয়া যেতে পারে। তবে প্রতি ডিমের জন্য ৮ টাকার মধ্যে ডিম কেনা, সেদ্ধ করা এবং স্কুলে পৌঁছে দেওয়ার খরচ সামলানো কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন কিছু স্কুল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে নদিয়ার হরিণঘাটা ফার্ম থেকে সরাসরি ডিম কেনার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এতে তুলনামূলক কম খরচে নিয়মিত ডিম সরবরাহ করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা চলছে। কম পড়ুয়া রয়েছে এমন স্কুলগুলির জন্য আলাদা ব্যবস্থার কথাও ভাবা হয়েছে। সেখানে ডিম সেদ্ধ করার জন্য ইলেকট্রিক হিটার দেওয়া হতে পারে। পাশাপাশি রান্না ও পরিবেশনের কাজ সামলাতে পড়ুয়ার সংখ্যার ভিত্তিতে রাঁধুনি ও সহায়িকা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। ৫০ জন পড়ুয়ার জন্য একজন এবং ৫০০ জন পড়ুয়ার ক্ষেত্রে ছ’জন রাঁধুনি ও সহায়িকা নিয়োগের কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক স্কুলে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনকে। সেই সিদ্ধান্তের পরই আশঙ্কা তৈরি হয়েছিল, নিরামিষ খাবার সরবরাহের কারণে পড়ুয়াদের পাতে ডিম থাকবে কি না। এই নিয়ে বিতর্ক শুরু হলে রাজ্য সরকার স্পষ্ট করে জানায়, মিড-ডে মিল থেকে ডিম বাদ যাবে না। সপ্তাহে দু’দিন পড়ুয়াদের ডিম দেওয়া হবে। আপাতত সেই ডিম সংগ্রহ, সেদ্ধ এবং পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে।

Related Articles