কলকাতারাজ্যের খবর

সকাল থেকেই মুখভার আকাশের, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সারাদিনই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে

Truth of Bengal: বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে বর্ষার দাপট। কালো মেঘে ঢাকা আকাশ, সঙ্গে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারে বৃষ্টি। এমন আবহাওয়াতেই ঘুম ভাঙল শহরবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সারাদিনই কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও চলতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা বাংলার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। একই সঙ্গে বিহারের উপর অবস্থান করছে একটি নিম্নচাপ। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি চলছে।

কলকাতায় বুধবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৯ শতাংশের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরে মোট ১৪.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পরিস্থিতি আরও জোরালো হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা কিছুটা কমতে পারে।

অন্য দিকে, উত্তরবঙ্গে বুধবার বৃষ্টির তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। পাহাড়ি এলাকায় ধস এবং নিচু অঞ্চলে জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ওই দিন থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Related Articles