কলকাতা

ইসকনের মিড ডে মিলে ডিম থাকবে? বিরোধীদের যা জবাব দিলেন মুখ্যমন্ত্রী…

ইসকনকে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া নিয়ে বিরোধীদের চরম বার্তা শুভেন্দুর!

Truth of Bengal: রাজ্যে ক্ষমতা বদলের পর থেকেই একের পর এক বড় সিদ্ধান্তের পথে হাঁটছে নতুন সরকার। এবার খোদ কলকাতার স্কুলগুলির মিড ডে মিল (Mid-Day Meal) ব্যবস্থা নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব বিতর্ককে একপাশে সরিয়ে রেখে আগামী ১ আগস্ট থেকেই কলকাতা এবং তার সংলগ্ন এলাকার স্কুলগুলিতে মধ্যাহ্নভোজ সরবরাহের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ‘ইসকন’ (ISKCON)-এর হাতে। একই সঙ্গে খুদে পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে মিড ডে মিলের সরকারি বরাদ্দেও আনা হচ্ছে বিরাট পরিবর্তন।

সোমবার সল্টলেকের বিকাশ ভবনে শিক্ষা দফতরের আধিকারিক ও মন্ত্রীদের নিয়ে একটি হাই-প্রোফাইল বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, “আগামী ১ আগস্ট থেকে কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলের একটা বড় অংশে ইসকন মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে। এর জন্য ওরা কিছু ভর্তুকিও দিচ্ছে। পড়ুয়ারা এবার থেকে অত্যন্ত উচ্চমানের (High Quality) খাবার পাবে।” তবে এই সিদ্ধান্তের পর থেকেই মিড ডে মিলে ডিম থাকা না থাকা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। সেই ডিম বিতর্ক নিয়ে হাসিমুখেই বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আরও কয়েকটা দিন ডিম আর ইসকন নিয়ে আলোচনা করুন। বাকিটা যা বলার, ১ আগস্টই বলব।”

শ্যামাপ্রসাদ-বিবেকানন্দের ভাবনায় বাংলা!

উল্লেখ্য, গত ২২ জুন বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন যে, রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম এবং ইসকনের মতো সনাতন সংস্কৃতির আদর্শে চালিত হবে নতুন পশ্চিমবঙ্গ। সেই সংস্কৃতির পথ ধরেই পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতায় ইসকনের মাধ্যমে মিড ডে মিল চালুর এই মেগা উদ্যোগ।

যদিও সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলির কাজ হারানোর আশঙ্কা এবং ডিম বাদ দিলে শিশুদের পুষ্টির অভাব হবে, এই দুই যুক্তিকে সামনে রেখে মামলাকারীরা সরব হয়েছেন। আদালত এই বিষয়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে। কিন্তু আইনি জটিলতার আবহেও সরকার তার সিদ্ধান্তে অনড় রইল।

এক ধাক্কায় বাড়ল মাথাপিছু বরাদ্দ

ইসকনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি এদিন রাজ্যের প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য আরও একটি খুশির খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকারের প্রথম বাজেটেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মিড ডে মিলের মান বাড়াতে বরাদ্দ বাড়ানো হবে। সেই কথা রাখল নবান্ন। আগে যেখানে প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য মাথাপিছু দৈনিক বরাদ্দ ছিল মাত্র ৬ টাকা ৭৮ পয়সা, আগামী ১ আগস্ট থেকে তা একলাফে বাড়িয়ে করা হচ্ছে ১০ টাকা। সরকারের এই জোড়া পদক্ষেপে কলকাতার স্কুলগুলির মধ্যাহ্নভোজের চেহারা যে পুরোপুরি বদলে যেতে চলেছে, তা বলাই বাহুল্য।

Related Articles