দেশ

সুপ্রিম কোর্টে এ কী কাণ্ড! প্রধান বিচারপতিকে গালিগালাজ, এজলাসেই মেজাজ হারালেন মামলাকারী

তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়নি শীর্ষ আদালত

Truth of Bengal: শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের এজলাসে নজিরবিহীন বিশৃঙ্খলা। বিচারপতিদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে প্রধান বিচারপতির উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ উঠল এক মামলাকারীর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, আচমকা বিচারপতিদের দিকে মামলার নথিও ছুড়ে দেন তিনি। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাঁকে এজলাস থেকে বার করে নিয়ে যান। তবে তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। শুক্রবার ঘটনাটি ঘটে বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের অবকাশকালীন বেঞ্চে। প্রবল প্রতাপ নামে ওই ব্যক্তি আইনজীবী ছাড়াই নিজের মামলায় সওয়াল করতে আদালতে হাজির হয়েছিলেন। এলাহাবাদ হাই কোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাঁর আবেদনটি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৩(৪) ধারার অধীনে দায়ের হওয়া অভিযোগকে ব্যক্তিগত অভিযোগের মামলায় রূপান্তর করা সংক্রান্ত ছিল।

শুনানি শুরু হতেই মামলাকারী বিচারপতিদের ‘বিচার ব্যবস্থার কর্মচারী’ বলে সম্বোধন করেন। লখনউয়ের বিকাশনগরের এক সহকারী পুলিশ কমিশনারের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগে এফআইআর দায়ের করার নির্দেশ দিতেও বেঞ্চকে বলেন তিনি। মামলাকারীর ভাষা ও আচরণে বিস্ময় প্রকাশ করে বিচারপতি বিশ্বনাথন জানতে চান, তিনি কি সত্যিই আদালতকে নির্দেশ দিচ্ছেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, মামলাকারী প্রধান বিচারপতির উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন এবং হাতে থাকা কাগজপত্র বিচারপতিদের দিকে ছুড়ে দেন। তাঁকে শান্ত করার চেষ্টা করা হলেও তিনি তা মানেননি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নিরাপত্তাকর্মীরা তাঁকে ধরে এজলাসের বাইরে নিয়ে যান।

ঘটনার পরেও অভিযুক্ত মামলাকারীর বিরুদ্ধে আদালত অবমাননা বা অন্য কোনও শাস্তিমূলক পদক্ষেপ করতে চায়নি বেঞ্চ। বিচারপতি বিশ্বনাথন জানান, আদালত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী নয়। মামলার নথি পর্যালোচনা করা হলেও এলাহাবাদ হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার মতো কোনও কারণ পাওয়া যায়নি বলেও জানায় বেঞ্চ। মামলাকারীর আচরণে হতাশা প্রকাশ করলেও তাঁর প্রতি সহানুভূতিশীল থাকার কথা জানিয়েছেন বিচারপতিরা। আদালতের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার মতো ঘটনা ঘটলেও তাঁকে শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নেয় বেঞ্চ।

Related Articles