স্টেশনে নোংরা দেখলেই হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, নতুন নম্বর চালু করল পূর্ব রেলের
ওই অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর নিজে রেলের অফিসার এবং কর্মীদের নিয়ে যাত্রীদের মধ্যে প্রচারে সামিল হন।
Truth of Bengal: সুমন আদক, হাওড়া: রেল স্টেশনকে জঞ্জালমুক্ত করতে পূর্ব রেলের তরফ থেকে চালু করা হলো নতুন হোয়াটসঅ্যাপ নম্বর। শনিবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর এই হোয়াটসঅ্যাপ নম্বরটির সূচনা করেন। তিনি বলেন, কোনও যাত্রী অথবা যে কেউ এই নম্বরে জঞ্জালের ছবি তুলে পাঠালে দ্রুততার সঙ্গে তা পরিষ্কার করে দেওয়া হবে। এর পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে আইন ভঙ্গকারীকে শাস্তি দেওয়া হবে। কার্যত হাওড়া স্টেশন সহ পূর্ব রেলের সমস্ত স্টেশনকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেলওয়ে।
এই উপলক্ষ্যে শনিবার হাওড়া স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর নিজে রেলের অফিসার এবং কর্মীদের নিয়ে যাত্রীদের মধ্যে প্রচারে সামিল হন। নিজের হাতে স্বচ্ছতা অভিযানের ফেস্টুন নিয়ে প্লাটফর্মগুলিতে মিছিল করে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেন তিনি। তিনি বলেন, রেলের পক্ষ থেকে আগেই লাইন পরিষ্কার রাখার জন্য প্রচার শুরু হয়েছিল। এর ফলে যাত্রীরা লাইনে জঞ্জাল ফেলা আগের চেয়ে কমিয়েছেন। এখন থেকে প্ল্যাটফর্ম অথবা রেলের জায়গায় জঞ্জাল ফেললে তা ধরা পড়বে সিসিটিভি ক্যামেরায়। সেই ছবি দেখে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আর্থিক জরিমানা করা হবে। এর পাশাপাশি নতুন হোয়াটসঅ্যাপ নম্বর ৯০০২০-২২৭৮০ চালু করা হল।
এই নম্বরে যাত্রী ছাড়াও যে কেউ জঞ্জালের ছবির সঙ্গে জায়গার তথ্য দিলে সেই জঞ্জাল দ্রুত পরিষ্কার করা হবে। যারা ছবি তুলে পাঠাবেন তাঁদেরও পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ সার্টিফিকেট দেওয়া হবে। প্রসঙ্গত স্টেশনগুলিতে নোংরা করা এবং থুতু ফেলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। এই পরিচ্ছন্নতা সচেতনতা অভিযানটি মূলত চলতি বছরের এপ্রিলে শুরু হয়েছিল এবং এদিনের এই হাই-প্রোফাইল উদ্বোধনের মাধ্যমে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্করের নেতৃত্বে এটি পরবর্তী পর্বে পদার্পণ করল। এই নতুন পূর্বে রেলওয়ের সমস্ত প্রাঙ্গণে নোংরা আবর্জনা ফেলা এবং থুতু ফেলার বিরুদ্ধে একটি কঠোর জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি গ্রহণ করা হয়েছে। এই অভিযানের মূল বার্তা হল, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য পূর্ব রেলওয়ে সর্বদা সতর্ক রয়েছে এবং ক্রমাগত প্রাঙ্গণটি পর্যবেক্ষণ করছে।






