তাপপ্রবাহে বিপর্যস্ত আমেরিকা, বাতিল ২৫০তম স্বাধীনতা উদ্যাপনের অনুষ্ঠান
মার্কিন আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি মানুষ বর্তমানে তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কবার্তার আওতায় রয়েছেন।
Bangla Jago Desk: ইউরোপের পর এবার ভয়াবহ তাপপ্রবাহের কবলে যুক্তরাষ্ট্র। দেশের মধ্য ও পূর্বাঞ্চলজুড়ে অস্বাভাবিক গরমে বিপর্যস্ত জনজীবন। তীব্র তাপপ্রবাহ এবং বিদ্যুৎ গ্রিডের উপর অতিরিক্ত চাপের জেরে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদ্যাপনের একাধিক অনুষ্ঠান বাতিল বা স্থগিত করতে হয়েছে প্রশাসনকে।
মার্কিন আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি মানুষ বর্তমানে তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কবার্তার আওতায় রয়েছেন। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যাপক ব্যবহারের ফলে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি বিদ্যুৎ সাশ্রয়ের পদক্ষেপ গ্রহণ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
১৭৭৬ সালের ৪ জুলাই ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণার ২৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ওয়াশিংটন, নিউ ইয়র্ক-সহ বিভিন্ন শহরে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট এবং আতশবাজির আয়োজন করা হয়েছিল। কিন্তু তীব্র গরম ও বিদ্যুৎ সংকটের কারণে সেই কর্মসূচির অনেকটাই বাতিল করতে হয়েছে।
ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ও বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত থাকার কথা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। উল্লেখ্য, গত ২৫ জুন তিনিই এই বিশেষ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন। শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটনের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছনোর পর প্রশাসন অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়। শনিবারের নির্ধারিত একাধিক শোভাযাত্রাও বাতিল করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ‘হিট ডোম’ নামে পরিচিত একটি শক্তিশালী উচ্চচাপ বলয়ের প্রভাবে মধ্য-পশ্চিমাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ ব্যবস্থার উপর। তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিছু জায়গায় মানুষের উৎসাহে ভাটা পড়েনি। নিউ ইয়র্কে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকলেও পপ তারকা টেলর সুইফ্ট এবং ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ের উদ্যাপন উপলক্ষে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের বাইরে প্রচণ্ড গরম উপেক্ষা করে কয়েক হাজার অনুরাগী ভিড় জমান। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে চরম আবহাওয়ার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। ইউরোপের পর এবার যুক্তরাষ্ট্রে এই ভয়াবহ তাপপ্রবাহ সেই উদ্বেগকেই আরও স্পষ্ট করে তুলেছে।






