স্পেনের জয়, কেপ ভার্দের ইতিহাস, নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক জাগানো দল
বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই অপরাজিত থেকে নকআউটে ওঠা কেপ ভার্দের সামনে এবার অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
Truth of Bengal: বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপে শেষ দিনের পর নাটকীয় সমীকরণের শেষে নকআউটে উঠে গেল কেপ ভার্দে। সৌদি আরবের বিরুদ্ধে ০-০ ড্র করেই ৩ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে রানার্স আপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নেয় তারা। বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই অপরাজিত থেকে নকআউটে ওঠা কেপ ভার্দের সামনে এবার অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলের ম্যাচ আগামী ৪ জুলাই মায়ামিতে।
মাত্র সাড়ে ৫ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দে ইতিমধ্যেই বড় দুই শক্তি স্পেন ও উরুগুয়ের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়েছে। স্পেনের বিরুদ্ধে ০-০ ড্র করার পর উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ম্যাচ শেষ করে তারা। সেই ধারাবাহিকতাই বজায় রেখে সৌদি আরবের বিরুদ্ধেও গোল না খেলেই নকআউট নিশ্চিত করেছে।
গ্রুপের অন্য ম্যাচে স্পেন ১-০ গোলে হারায় উরুগুয়েকে। ম্যাচের নির্ধারক গোলটি করেন অ্যালেক্স বায়েনা। ৪২ মিনিটে তাঁর নেওয়া শট ফার্নান্দো মুসলেরা ডাইভ দিয়ে আটকাতে গিয়েও হাত থেকে ফেলে দেন, আর সেই ভুলের সুযোগেই এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধ শেষ হওয়ার পরই গোলরক্ষক মুসলেরাকে বদলি করেন কোচ মার্সেলো বিয়েলসা।
স্পেন আরও ব্যবধানে জিততে পারত। ৮৭ মিনিটে ফেরান তোরেসের জোরালো শট পোস্টে লাগে। ম্যাচের শেষদিকে ৮৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান উরুগুয়ের মিডফিল্ডার আগুস্তিন কানোবিও।
এই জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে থেকে শেষ ৩২-এ উঠেছে স্পেন। তারা খেলবে ‘জে’ গ্রুপের রানার্স আপ দলের বিরুদ্ধে। অন্যদিকে ৩ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। সমান ২ পয়েন্ট নিয়ে সৌদি আরবও বিদায় নিয়েছে। আর ইতিহাস গড়া কেপ ভার্দে এখন অপেক্ষায় আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন রূপকথা লেখার।






