সিআইডি-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক
আদালতে দায়ের করা আবেদনে সিআইডি-র অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Truth of Bengal: ডিজে বাজানো সংক্রান্ত বিতর্কিত মন্তব্য মামলায় এবার সিআইডি (CID)-র পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলার তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছে রাজ্য গোয়েন্দা সংস্থা। সিআইডি-র এই সিদ্ধান্তের বিরুদ্ধেই বৃহস্পতিবার উচ্চ আদালতের কড়া নাড়েন তিনি। এদিন হাইকোর্টে অভিষেকের পক্ষে তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতের দৃষ্টি আকর্ষণ করে জরুরি শুনানির আবেদন জানান।
আদালতে দায়ের করা আবেদনে সিআইডি-র অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, “ওই কণ্ঠস্বর তো আমারই। আমি তো একবারও অস্বীকার করিনি যে ওটা আমার কণ্ঠস্বর নয়। যখন আমি নিজেই তা স্বীকার করে নিচ্ছি, তখন নতুন করে আবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার কী প্রয়োজন রয়েছে?” অভিষেকের আইনজীবীর এই যুক্তি শোনার পর মামলা দায়ের করার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। তিনি জানিয়েছেন, আগামী সোমবার (২৯ জুন) এই মামলার পরবর্তী শুনানি হবে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণায় গিয়ে ডিজে বাজানো নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে পরবর্তীতে তীব্র শোরগোল তৈরি হয়। এই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। মামলার জল গড়ায় আদালত পর্যন্ত। এরপরই বিধাননগর আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় যে, আগামী ৩০ জুনের মধ্যে আদালতে ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে।
আদালতের সেই নির্দেশিকা কার্যকর করতেই গত বুধবার রাতে কলকাতার কালীঘাটে অভিষেকের বাসভবনে নোটিশ দিতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। ওই নোটিশে জানানো হয়, আগামী মঙ্গলবার বিধাননগর আদালতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে। মূলত, সিআইডি-র আবেদনের ভিত্তিতেই বিধাননগর মহকুমা আদালত এই নির্দেশ মঞ্জুর করেছিল। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় আগামী মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি-র মুখোমুখি হবেন কি না, তা সোমবারের হাইকোর্টের শুনানির পরই স্পষ্ট হবে।





