রাস্তায় থুতু বা নোংরা ফেললেই সোজা পকেট খালি! আজই জারি হল কড়া জরিমানার তালিকা
রাজ্যের বাকি সব এলাকায় ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর করা হবে
Truth of Bengal: পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাজ্য গড়তে এবার আরও কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। রাস্তায় আবর্জনা ফেলা, থুতু ফেলা, নির্দিষ্ট স্থান ছাড়া মলমূত্র ত্যাগ কিংবা নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার—এসব ক্ষেত্রেই এবার জরিমানা দিতে হবে। আজ বিজ্ঞপ্তি জারি করে জরিমানার পরিমাণ স্পষ্ট জানিয়ে দিল রাজ্য। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তায় মলমূত্র ত্যাগ করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। রাস্তায় আবর্জনা ফেললেও জরিমানার পরিমাণ ২০০ টাকা। প্রকাশ্যে থুতু ফেললে ১০০ টাকা ফাইন ধার্য করা হয়েছে। এছাড়া নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে ২০০ টাকা জরিমানা করা হবে। রাজ্যজুড়ে দু’টি ধাপে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং পুরসভা এবং মিরিক এলাকায় ১ জুলাই থেকে জরিমানা চালু হবে। অন্যদিকে রাজ্যের বাকি সব এলাকায় ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম কার্যকর করা হবে। অর্থাৎ পাহাড়ি এলাকায় আগেই শুরু হচ্ছে পরিচ্ছন্নতা বিধি কার্যকর করার অভিযান।
এর আগে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, রাস্তায় আবর্জনা বা পানের পিক ফেললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন বাংলা গড়ার লক্ষ্যে আইন আরও শক্তভাবে প্রয়োগ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার পর এবার সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জরিমানার কাঠামো প্রকাশ করা হল। মন্ত্রী আগেই জানিয়েছিলেন, ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় কেউ নোংরা বা পানের পিক ফেললে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির ছবি তুলবেন। সেই প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানার নোটিস সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
রাজ্য সরকারের মতে, শহর ও জনবহুল এলাকাকে পরিষ্কার রাখা নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু বারবার সচেতনতার পরও রাস্তায় আবর্জনা ফেলা, থুতু ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের প্রবণতা কমছে না। তাই এবার আর শুধু সতর্কতা নয়, সরাসরি আর্থিক জরিমানার পথেই হাঁটছে সরকার। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নিয়ম কার্যকর হলে রাস্তা, বাজার, পর্যটনকেন্দ্র এবং জনবহুল এলাকায় পরিচ্ছন্নতা অনেকটাই বাড়তে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং ও মিরিকের মতো পর্যটননির্ভর এলাকায় ১ জুলাই থেকে জরিমানা চালু হওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ।






