রাজ্যের খবর

পাহাড় ফুঁড়ে নামছে ভুটানের জল, ভাসল ডুয়ার্স! হলং নদীর সেতু ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন জলদাপাড়া

আট মাস আগের সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরল উত্তরবঙ্গে! জলের তোড়ে নিমেষে হাওয়া কোটি টাকার ব্রিজ

Truth of Bengal: উত্তরবঙ্গে প্রকৃতির রুদ্ররূপ! শনিবার রাত থেকে শুরু হওয়া অবিরাম ভারী বর্ষণে প্লাবনের মুখে ডুয়ার্স, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে প্রতিবেশী রাষ্ট্র ভুটানের লাগাতার বৃষ্টি। ভুটানের পাহাড় থেকে হু হু করে নেমে আসা জলের তোড়ে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। এই দুর্যোগের জেরে রবিবার সকালে আলিপুরদুয়ারের হলং নদীর ওপর তৈরি অস্থায়ী সেতুটি জলের তোড়ে সম্পূর্ণ ভেসে গিয়েছে। ফলে মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিখ্যাত জলদাপাড়া ট্যুরিস্ট লজ।

উল্লেখ্য, মাত্র আট মাস আগেই উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় ডুয়ার্সের মূল সেতুটি ভেঙে ছারখার হয়ে গিয়েছিল। তারপর থেকে বনদপ্তরের উদ্যোগে তৈরি এই অস্থায়ী সেতুটির মাধ্যমেই কোনওমতে যাতায়াত চলছিল। এবার নদী ফুঁসে ওঠায় সেই শেষ ভরসাটুকুও ভেঙে গেল। এই সেতুটি শুধু পর্যটকদের জন্যই নয়, বনদফতরের এলিফ্যান্ট স্কোয়াড, র‍্যাপিড রেসপন্স টিম এবং জলদাপাড়া নর্থ রেঞ্জের বনকর্মীদের যাতায়াতের একমাত্র পথ ছিল। মানুষ-বন্যপ্রাণী সংঘাত রোখা এবং বন্যপ্রাণী উদ্ধারের কাজে এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ফলে সেতু বিপর্যয়ের পর বন্যপ্রাণীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন বনকর্মীরা।

ইতিমধ্যেই আলিপুরদুয়ারের কালচিনি, হাসিমারা, বারোবিশা, কুমারগ্রাম ও ফালাকাটার বিভিন্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে। বৃষ্টির জলের পাশাপাশি নদীর জলও এবার লোকালয়ে ঢুকতে শুরু করেছে। অন্যদিকে কোচবিহার এবং জলপাইগুড়ির ময়নাগুড়ি, নাগরাকাটা ও ধূপগুড়িতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলেও অনবরত বৃষ্টি চলায় যেকোনও মুহূর্তে বিধ্বংসী হড়পা বানের (Flash Flood) আশঙ্কা করছে প্রশাসন।

আলিপুরদুয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, দুর্যোগ এখনই থামছে না। আগামী তিনদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং জলদাপাড়া ও সংলগ্ন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের নিরাপদ স্থানে থাকার জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। নদীগুলির জলস্তর যেভাবে বাড়ছে, তাতে আরও বৃষ্টি হলে ডুয়ার্স জুড়ে এক মহাবিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles