কলকাতা

যোগ দিবসের কর্মসূচির জন্য ৭ দিন বন্ধ রেড রোড! একাধিক রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল

প্রধানমন্ত্রীর সফর ও যোগ দিবসের মেগা অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে শহরে কোনো রকম যানজট বা বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে একটি বিশদ ট্র্যাফিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Truth of Bengal: চলতি বছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল মঞ্চ হতে চলেছে তিলোত্তমা কলকাতা। আগামী ২১ জুন, রবিবার কলকাতার রেড রোডে আয়োজিত এই মেগা কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বহু মানুষের সমাগম হতে চলা এই হাই-প্রোফাইল কর্মসূচির প্রস্তুতি ও মঞ্চ নির্মাণের জন্য এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে এবং নির্বিঘ্নে মঞ্চ তৈরির জন্য রবিবার রাত ১০টা থেকেই আগামী রবিবার (২১ জুন) পর্যন্ত রেড রোডে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ও যোগ দিবসের মেগা অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে শহরে কোনো রকম যানজট বা বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে একটি বিশদ ট্র্যাফিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুলিশের নির্দেশিকা অনুযায়ী, আগামী শনিবার রাত ২টো থেকেই এজেসি বোস রোড, মৌলালির মোড় এবং সেন্ট জর্জেস গেট রোড ধরে দক্ষিণমুখী যান চলাচল কড়াভাবে নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে স্ট্র্যান্ড রোড থেকে রাজা উডমুন্ট স্ট্রিট, সিআর অ্যাভিনিউ থেকে দক্ষিণে জিসি অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের উভয়মুখী লেনে পণ্যবাহী গাড়ি বা লরি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ২১ জুন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

কলকাতা পুলিশের ট্র্যাফিক গাইডলাইন অনুযায়ী, আগামী রবিবার অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত সাধারণ গাড়ির জন্য মেয়ো রোডও বন্ধ রাখা হবে। তবে যোগ দিবসের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট ভিআইপি বা স্পেশাল স্টিকার লাগানো গাড়িগুলি মেয়ো রোড ধরে যাতায়াত করতে পারবে। এ ছাড়া, শনিবার রাত ২টো থেকে হসপিটাল রোড (পূর্ব ও পশ্চিম), লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড, আর আর অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি, কুইনসওয়ে, পলাশি গেট রোড, ডাফরিন রোড এবং আউটরাম রোডে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

কলকাতা ট্র্যাফিক পুলিশ আরও জানিয়েছে যে, শনিবার রাত থেকে ডালহৌসি এবং হাওড়ামুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড ও এজেসি বোস রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে, উত্তরমুখী ছোট গাড়িগুলিকে ডাফরিন রোড ও মেয়ো রোড ধরে এবং দক্ষিণমুখী যানবাহনগুলিকে রেড রোড এড়িয়ে মেয়ো রোড ক্রসিং হয়ে ডাফরিন রোড ধরে পাঠানো হবে। তবে পরিস্থিতির ওপর নজর রেখে ট্র্যাফিক পুলিশ প্রয়োজনে অন্য ছোট রাস্তা দিয়েও গাড়ি ঘুরিয়ে দিতে পারে।

উল্লেখ্য, আগামী শনিবারই কলকাতায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রবিবার ভোরেই তিনি রেড রোডের মূল অনুষ্ঠানে অংশ নেবেন। গত বছর অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে শামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ২১ জুন তারিখটিকে ‘আন্তর্জাতিক যোগ দিবস’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছিলেন, যা পরবর্তীতে বিশ্বব্যাপী বিপুল সাড়া ফেলে। এবার সেই ঐতিহাসিক দিবসের মেগা আয়োজন সফল করতে সম্পূর্ণ প্রস্তুত কলকাতা ও রাজ্য প্রশাসন।