নিয়োগ দুর্নীতি ও ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ বিতর্ক! সপ্তাহের শুরুতেই ইডি-র ম্যারাথন জেরার মুখে অভিষেক
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, শিক্ষা দুর্নীতির বিপুল অঙ্কের টাকা এই সংস্থার মাধ্যমে লেনদেন হয়েছে
Truth of Bengal: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। নির্ধারিত সময়ের কিছুটা আগেই, বেলা ১১টার কাছাকাছি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক। ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। বিশেষ করে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সঙ্গে যুক্ত আর্থিক লেনদেন, সম্পত্তি এবং টাকা ঘোরানোর অভিযোগ নিয়ে প্রশ্ন করা হতে পারে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, শিক্ষা দুর্নীতির বিপুল অঙ্কের টাকা এই সংস্থার মাধ্যমে লেনদেন হয়েছে। এমনকি কালো টাকা সাদা করার অভিযোগও তুলেছে ইডি।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নাম উঠে এসেছে। এই সংস্থাকে ঘিরে দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। অতীতেও এই মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগই বারবার অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে মিথ্যা মামলায় জড়িয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই মামলায় আপাতত কোনও রক্ষাকবচ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলে সোমবারের ইডি-জেরা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাংলার রাজনৈতিক পালাবদলের পর থেকেই অভিষেকের সম্পত্তি ও আর্থিক লেনদেন কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। গত ১৬ মে ফলতার সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তি নিয়ে সরব হয়েছিলেন। তাঁর দাবি ছিল, কলকাতায় ওই সংস্থার একাধিক সম্পত্তি রয়েছে এবং আমতলায় প্রাসাদোপম অফিসও রয়েছে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, “সব হিসাব হবে।”
ইডি-র এই তলবের আগে বিধানসভার সই জাল কাণ্ডে ভবানী ভবনে দু’দফায় প্রায় ১৫-১৬ ঘণ্টা সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই মঙ্গলবার ফের ডিজে মন্তব্য মামলায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর। ফলে কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থার জোড়া চাপের মুখে এখন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অন্যতম মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়।






