রাজ্যের খবর

ধুলিয়ানে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ‘বিশ্ব বাংলা’ লোগো

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

Truth of Bengal: কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ধুলিয়ানে রাজ্য সরকারের প্রতীক ‘বিশ্ব বাংলা’ লোগো ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে ধুলিয়ান পুরসভা সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে বুলডোজার দিয়ে লোগোটি গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ান পুর কর্তৃপক্ষের নির্দেশেই লোগোটি সরানোর কাজ করা হয়। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, সে বিষয়ে এখনও পর্যন্ত পৌরসভার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবি, তাদের আপত্তির জেরেই লোগোটি সরানো হয়েছে। বিজেপি নেতা প্রবীর সাহা জানান, মঙ্গলবার সকালে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারের কাছে মৌখিকভাবে ‘বিশ্ব বাংলা’ লোগোটি সরানোর দাবি জানানো হয়েছিল। যদিও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি, তবুও পৌর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে লোগোটি সরিয়ে দেয় বলে দাবি তাঁর। এই সিদ্ধান্তের জন্য পৌর প্রশাসনকে ধন্যবাদও জানান তিনি।

অন্যদিকে, ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের প্রতিক্রিয়া জানার জন্য একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে প্রশাসনিকভাবে কী কারণে এই লোগো অপসারণ করা হল, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে। প্রকাশ্য দিবালোকে সরকারি প্রতীক ভেঙে ফেলার ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, এটি রাজনৈতিক চাপের ফল। যদিও শাসকদলের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Related Articles