তৃণমূল জমানার ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ অতীত! নবান্নে বড় বদল এনে কোন নতুন ঘোষণা করলেন শুভেন্দু?
প্রশাসনিক বৈঠক শেষে এই বড় ঘোষণাটি করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Truth of Bengal: রাজ্যে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর এবার পূর্বতন তৃণমূল জমানার আরও একটি বহুল চর্চিত সরকারি কর্মসূচির খোলনলচে বদলে দিল নতুন বিজেপি সরকার। তৃণমূল জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া সরাসরি শোনার জন্য যে ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি চালু করেছিলেন, তা এবার পাকাপাকিভাবে বন্ধ হতে চলেছে। এর পরিবর্তে সম্পূর্ণ নতুন নামে এবং নতুনভাবে একটি সরকারি উদ্যোগের সূচনা হতে চলেছে, যার নাম রাখা হয়েছে ‘আপনার সরকারকে বলুন’। নদিয়ার কল্যাণী শহরে আয়োজিত উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক শেষে এই বড় ঘোষণাটি করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, বিগত সরকারের আমলে সাধারণ মানুষের জন্য এই ধরনের জনমুখী যোগাযোগের ব্যবস্থা শুরু করা হলেও, তা নিয়ে একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। সেসময় তৃণমূলের পক্ষ থেকে দলগতভাবে ‘দিদিকে বলো’ কর্মসূচিও নেওয়া হয়েছিল এবং যোগাযোগের জন্য নির্দিষ্ট ফোন নম্বর দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে অভিযোগ ওঠে যে, সরকারি ও দলীয়—উভয় ক্ষেত্রেই যোগাযোগের জন্য আসলে তৃণমূলের তৎকালীন ভোটকুশলী সংস্থা ‘আইপ্যাক’ (I-PAC)-এর অফিসের ফোন নম্বর দেওয়া হয়েছিল। ফলত, সাধারণ মানুষের সমস্ত বক্তব্য বা অভিযোগ সরাসরি পৌঁছাত ওই বেসরকারি ভোটকুশলী সংস্থার কাছেই। এমনকি পরবর্তী সময়ে সেইসব ফোন নম্বরে কল করে আর কোনও যোগাযোগ করা যেত না বলেও সাধারণ মানুষের একাংশের অভিযোগ ছিল।
রাজ্যে ক্ষমতা বদলের পর এই সমস্ত খামতি দূর করে স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই সম্পূর্ণ সরকারি স্তরে নতুনভাবে এই জনসংযোগ কর্মসূচিটি চালু হতে যাচ্ছে, যার মাধ্যমে সাধারণ নাগরিকেরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া ও অভাব-অভিযোগ নিয়ে সরাসরি রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।





