কলকাতা

আর জি কর বিতর্কে চাপ বাড়ল অভীক দে’র, বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের

তাঁর বিরুদ্ধে সরাসরি বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি

Truth of Bengal: আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার (অভয়া কাণ্ড) জেরে এবার আরও বিপাকে ‘উত্তরবঙ্গ লবি’র অন্যতম প্রভাবশালী নেতা তথা চিকিৎসক অভীক দে। অপরাধের দিন আরজি করের বিতর্কিত সেমিনার রুমে লাল জামা পরে তাঁর উপস্থিত থাকার ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র জলঘোলা শুরু হয়েছিল। সেই বিতর্কের জেরে আগেই এসএসকেএম হাসপাতালের এই পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিকে (পিজিটি) সাসপেন্ড করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবার তাঁর বিরুদ্ধে সরাসরি বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি।

আরজি করের ঘটনার পর থেকেই স্বাস্থ্য ক্ষেত্রের একটি বিশেষ প্রভাবশালী গোষ্ঠীর মাথা হিসেবে অভীক দে’র নাম সামনে আসে। তাঁর বিরুদ্ধে থ্রেট কালচার বা চিকিৎসক ও পড়ুয়াদের হুমকি দেওয়া, মর্গে দুর্নীতি, চিকিৎসকদের বেআইনি বদলি চক্র পরিচালনা করা, বছরের পর বছর ক্লাসে না গিয়েও হাজিরা দেওয়া, রিপোর্ট জমা না দেওয়া এবং পিজিটি হওয়া সত্ত্বেও রোগী না দেখা-সহ মোট ৩২ দফা মারাত্মক অভিযোগ প্রকাশ্যে আসে। ‘আরজি কর ফাইলস’ বা এই সংক্রান্ত নথি খতিয়ে দেখার পরেই রাজ্যপাল তাঁর বিরুদ্ধে এই কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিভাগীয় তদন্তের পাশাপাশি অভীক দে’র শিক্ষাগত যোগ্যতা ও সুযোগ পাওয়ার প্রক্রিয়া নিয়েও বড়সড় প্রশ্ন উঠেছে। তিনি কীভাবে সমস্ত নিয়মকানুন এড়িয়ে ‘সার্ভিস কোটা’ ব্যবহার করে কলকাতার পিজি হাসপাতাল বা এসএসকেএম-এ স্নাতকোত্তর (এমডি/এমএস) পড়ার সুযোগ পেলেন, তাও এবার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের এই কড়া পদক্ষেপের পর রাজ্য স্বাস্থ্য দপ্তরের অন্দরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

Related Articles