রাজ্যের খবর

ওভারহেড তারে আগুনের ফুলকি! চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল পাহাড়িয়া এক্সপ্রেস

লাইনে বিশাল গাছ দেখে ইমার্জেন্সি ব্রেক, কীভাবে বাঁচল পাহাড়িয়া এক্সপ্রেস?

সুব্রত রায়, জলপাইগুড়ি: বৃহস্পতিবার ভোররাতে আচমকা ধেয়ে আসা ব্যাপক ঝড়-বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় গাছ উপড়ে রেল পরিষেবা থমকে গিয়েছে। হলদিবাড়ি স্টেশন সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সোয়া চারটে নাগাদ পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে নিউ জলপাইগুড়ি (NGP) স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ট্রেনটি মণ্ডলঘাট স্টেশন সংলগ্ন রেলগেটের কাছাকাছি পৌঁছাতেই আচমকা কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে।

রেললাইনের ওপর জ্বলছিল আগুন

ট্রেনের লোকো পাইলট আর পি শা জানান, ভোররাতের অন্ধকারের মধ্যেও দূর থেকে তিনি লক্ষ্য করেন যে মন্ডলঘাট রেলগেট সংলগ্ন এলাকায় লাইনের ওপর একটি বিশাল গাছ ভেঙে পড়ে রয়েছে। কোনও কিছু না ভেবেই তিনি তৎক্ষণাৎ ইমার্জেন্সি ব্রেক কষেন এবং রেললাইন স্পর্শ করার সামান্য আগেই ট্রেনটিকে থামিয়ে দিতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শী বাবলু রায়ের দাবি, স্টেশন চত্বরে ট্রেনের ওপরে থাকা হাই-ভোল্টেজ বিদ্যুতের ওভারহেড তারে একটি বিশাল বটগাছের ডাল ভেঙে পড়ায় মুহূর্তের মধ্যে চারদিকে আগুনের ফুলকি ছড়াতে থাকে। বিকট শব্দে ট্রেনের ব্রেক কষার পর আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে দেন।

সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তি তুঙ্গে

এই দুর্ঘটনার পরই স্বয়ংক্রিয় ব্যবস্থায় ওভারহেড লাইনের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকে হলদিবাড়ি-এনজিপি লোকাল প্যাসেঞ্জার-সহ উত্তরবঙ্গের দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন, বামনহাট এক্সপ্রেস ও বালুরঘাট এক্সপ্রেস নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হলদিবাড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করতে পারেনি। দূর-দূরান্ত থেকে আসা শয়ে শয়ে দিনমজুর ও চাকুরিজীবী যাত্রীরা স্টেশনে এসে ট্রেন না পেয়ে ক্ষোভে বাড়ি ফিরে যান।

রেল সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যে শিয়ালদহ ও এনজিপি ডিভিশন থেকে একটি বিশেষ উদ্ধারকারী ইঞ্জিন ক্রেন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ওভারহেড তারের ওপর থেকে ভেঙে পড়া ডালপালা সরিয়ে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চালানো হচ্ছে। রেলের ইঞ্জিনিয়ারদের দাবি, দুপুরের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সমস্ত লাইনে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা সম্ভব হবে।

Related Articles