কলকাতা

সওয়াল শেষে বেরোতেই বিপত্তি! আদালত চত্বরে বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তাঁর প্রস্থান ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর

Truth of Bengal: কলকাতা হাই কোর্ট চত্বরে নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলায় সওয়াল করতে বৃহস্পতিবার হাই কোর্টে গিয়েছিলেন তিনি। শুনানি শেষে এজলাস থেকে বেরোনোর সময় আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন মমতা।

বৃহস্পতিবার সকালে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত মামলার শুনানি ছিল। আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা ওই জনস্বার্থ মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টার কিছু আগে তিনি হাই কোর্টে পৌঁছন। মমতা যে মামলায় সওয়াল করতে এসেছেন, সেই খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে আইনজীবীদের একাংশের ভিড় জমে যায়। প্রধান বিচারপতির এজলাস থেকে বেরিয়ে লবিতে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, সেই সময় তৃণমূলনেত্রীকে উদ্দেশ করে ‘চোর’ স্লোগান দেওয়া হয়। ভিড়ের মধ্যে আরও কুকথাও শোনা যায় বলে দাবি।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনজীবীদের একাংশের দিকে হাত দেখিয়ে মমতাকে বলতে শোনা যায়, “ওরা আমাকে মেরেছে।” এই ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোট-পরবর্তী অশান্তির মামলার শুনানি ঘিরে এদিন হাই কোর্ট চত্বরের এই ঘটনা রাজনৈতিক মহলেও নতুন করে আলোড়ন ফেলেছে।

Related Articles